ফের লিভারপুলের হোঁচট
ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারছে না লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার নরউইচ সিটির সঙ্গে ড্র করেছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।
রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে নরউইচের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল।
এই হোঁচটের ফলে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ মিলে লিভারপুলের টানা ব্যর্থতার তালিকাটা আরও লম্বা হলো। এই নিয়ে শেষ ৫ ম্যাচে জয়হীন থাকল দলটি।
লিগের শেষ তিন রাউন্ডের দুটিতেই হেরেছিল তারা, অন্যটি ড্র। আর গত সপ্তাহে ইউরোপা লিগে বোর্দোর সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল।
অ্যানফিল্ডে রোববার ম্যাচের প্রথম ৩০ মিনিটে দুই দলের খেলাতেই ছন্দের অভাব ছিল। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে লিভারপুল নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও সাফল্য মেলেনি।
বিরতির পর অবশ্য দ্রুতই সাফল্য পায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি নামা ইংলিশ স্ট্রাইকার ড্যানি ইঙ্গস ৪৮তম মিনিটে সতীর্থ আলবের্তো মোরেনোর উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে জালে জড়ান।
লিভারপুলের এগিয়ে থাকার স্বস্তি বেশিক্ষণ অবশ্য থাকেনি। ৬১তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে নরউইচকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার রাসেল মার্টিন।
বাকি সময়ে আর কেউ গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এই ড্রয়ের পর লিভারপুলের পয়েন্ট ৬ ম্যাচে বেড়ে হলো ৮, ত্রয়োদশ স্থানে আছে তারা। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে একাদশ স্থানে আছে নরউইচ।
দিনের অন্য ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৫।
