২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে ইউভেন্তুসের প্রথম জয়

অবশেষে ছন্দ ফিরে পাচ্ছে ইতালির অন্যতম সফল দল ইউভেন্তুস। জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর এবার ইতালির শীর্ষ লিগ সেরি আয় প্রথম জয় পেয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 09:35 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

সেরি আয় প্রথম জয়টি পেতে চতুর্থ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইউভেন্তুসকে। রোববার জেনোয়ার বিপক্ষে পাওয়া ২-০ ব্যবধানের জয়ে একটি গোল করেন পল পগবা, অন্যটি আত্মঘাতী। 
 
জেনোয়ার মাঠে এগিয়ে যেতে ৩৭তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউভেন্তুসকে। ইউজেনিয়ো লামান্নার আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
 
পিছিয়ে পড়া জেনোয়ার বিপদ বাড়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আর্মানদো ইজ্জো মাঠ ছাড়লে। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকরা আর পেরে উঠেনি ইউভেন্তুসের সঙ্গে।
 
৫৯তম মিনিটে জর্জো কিয়েল্লিনিকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ইউভেন্তুস। সফল পেনাল্টিতে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন পগবা। এরপর আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডরা কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারেনি। 
 
এই জয়ে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট হলো ইউভেন্তুসের। ঘরের মাঠে উদিনেসের কাছে ১-০ গোলে হেরে লিগ অভিযান শুরু করেছিল তারা। এরপর রোমার মাঠ থেকে হেরে আসে ২-১ ব্যবধানে। তৃতীয় রাউন্ডে নিজেদের মাঠে কিয়েভোর সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্ট পায় ইউভেন্তুস।
 
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পায় ইউভেন্তুস। 
 
রোববার কিয়েভোকে ১-০ গোলে হারায় শীর্ষে থাকা ইন্টার মিলান। তবে নিজেদের মাঠে সাস্সুয়োলোর সঙ্গে ২-২ গোলে ড্র করে রোমা।