২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ম্যান সিটিকেও হারাল ওয়েস্ট হ্যাম

আর্সেনাল, লিভারপুলের পর এবার ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এবারের লিগে রীতিমত 'জায়ান্ট কিলার'-এ পরিণত হওয়া দলটি মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের ২-১ গোলে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 12:59 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরো ম্যাচে বিশেষ করে দ্বিতীয়ার্ধে সিটির একচেটিয়া চাপ এবং একের পর এক আক্রমণ ঠেকিয়ে বড় অঘটনের জন্ম দেওয়ার অন্যতম নায়ক ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আদ্রিয়ান। দুই গোলদাতা ভিক্তর মোজেস ও দিয়াফ্রো সাখোর অবদান তো আছেই। সিটির একমাত্র গোলটি কেভিন ডি ব্রুইনের।

লিগের প্রথম পাঁচ রাউন্ডে শতভাগ সাফল্য নিয়ে শনিবার রাতে ঘরের মাঠে খেলতে নামে সিটি। ওই ম্যাচগুলোতে ১১টি গোল করা দলটি এদিনও শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু পঞ্চম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নানদিনিয়োর সোজাসুজি হেডটি সহজেই ঠেকিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক।

পরের মিনিটেই দূরপাল্লার এক শটে স্বাগতিকদের হতবাক করে দেন নাইজেরিয়ার মিডফিল্ডার ভিক্তর মোজেস। ২০ গজ দূর থেকে তার জোরালো কোনাকুনি শটটি পোস্টের কোল ঘেষে জালে জড়ায়।

এই মৌসুমে লিগে সিটির জালে এটাই প্রথম গোল।

তিন মিনিট পরেই সমতায় ফিরতে পারতো সিটি। ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েলের ভুলে ডি বক্সের বাইরে বল পেয়ে যান সের্হিও আগুয়েরো। বল ধরতে ছুটে আসেন গোলরক্ষক আদ্রিয়ান, কিন্তু পারেননি। গোলমুখে একমাত্র বাধা ছিল এক ডিফেন্ডার, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট নেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

সমতায় ফিরতে মরিয়া সিটি ধীরে ধীরে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে। অধিকাংশ সময় বলের দখলও ছিল তাদের। কিন্তু খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াফ্রো সাখো। কাছ থেকে বল জালে জড়ান সেনেগালের এই স্ট্রাইকার।

এই গোলের পর অধিকাংশ সিটি সমর্থকদের মনেই হয়তো হারের শঙ্কা জেগে ওঠে। কারণ এই মৌসুমে এখন পর্যন্ত প্রথম সারির বড় দুটি দলকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে ওয়েস্ট হ্যাম। লিগের প্রথম রাউন্ডে তারা আর্সেনালকে ২-০ ব্যবধানে হারানোর পর চতুর্থ রাউন্ডে লিভারপুলকে ৩-০ গোলে হারায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগায় সিটি। সের্হিও আগুয়েরোর বাড়ানো বল ধরে ২০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই মৌসুমেই ভলফসবুর্গ থেকে ইতিহাদের দলটিতে যোগ দেওয়া ডি ব্রুইন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। ৫৩ থেকে ৫৬- এই চার মিনিটে দারুণ তিনটি সুযোগ পায়, কিন্তু কোনোটিতেই সাফল্য আনতে পারেনি দলটি। একবার তো গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন ইয়াইয়া তুরে।

৫৭তম মিনিটে প্রতি আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অতিথিরা। কিন্তু ফাঁকা জালে বল জড়াতে পারেননি দ্বিতীয় গোলদাতা সাখো।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৬৩তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন কোত দি ভোয়ার মিডফিল্ডার তুরে। তিন মিনিট পর হেসুস নাভাসের শট ঠেকিয়ে দিয়ে সিটিকে আরেকবার হতাশ করেন অতিথি গোলরক্ষক আদ্রিয়ান।

বাকি সময়ে ওয়েস্ট হ্যামের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সিটি।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ওয়েস্ট হ্যামের জাল অক্ষত রাখা স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান বেশ কয়েকটি অসাধারণ সেভ করেন। ৮৫তম মিনিটে ডি ব্রুইনের কর্নারে নিকোলাস ওতামেন্দির হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেওয়া তারই একটি উদাহরণ।

এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ১৫।