২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারাতেই আছে বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। এবার তারা ৩-০ গোলে হারিয়েছে এসভি ডার্মস্টাডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 09:38 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

প্রতিপক্ষের মাঠে শনিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। এর ফলও দ্রুতই পেয়ে যায় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। 
 
ম্যাচে কুড়িতম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেওয়া গোলটি করেন এ মৌসুমেই ক্লাবটিতে নাম লেখানো আর্তুরো ভিদাল। নতুন দলের হয়ে চিলির এই মিডফিল্ডারের বুন্দেসলিগায় এটিই প্রথম গোল। 
 
অসাধারণ এক পাস দিয়ে ভিদালের গোলটিতে অবদান রাখেন বায়ার্নের আরেক নতুন খেলোয়াড় ব্রাজিলের উইঙ্গার দগলাস কস্তা। তিনিও এই মৌসুমেই জার্মানির সফলতম ক্লাবটিতে যোগ দেন।
 

বায়ার্ন তাদের বাকি গোল দুটি পায় দ্বিতীয়ার্ধে। সেবাস্তিয়ান রোডের পাস থেকে ব্যবধান ২-০ করা গোলটি ৬২তম মিনিটে করেন কিংসলি কোমান। পরের মিনিটেই স্কোরশিটে নাম লেখান রোড।  এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বায়ার্ন। ৩৩ বছর পর এবারই বুন্দেসলিগায় ফেরা ডার্মস্টাড ৫ ম্যাচ থেকে পয়েন্ট ৬ পেয়েছে।