লেভান্তেকে আবার গোলে ভাসাবেন মেসিরা?
লেভান্তেকে পেলেই যেন গোল উৎসবে মেতে ওঠে বার্সেলোনার আক্রমণভাগ। সেই ধারাবাহিকতায় এবারও কি তুলনামূলক দুর্বল দলটিকে গোলে ভাসাবেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেসরা?
স্পেনের লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাঠ কাম্প নউতে খেলবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১২টায়।
এর আগে বার্সেলোনা আর লেভান্তের সাক্ষাৎ হয়েছে ১৮বার। লেভান্তে কখনোই বার্সাকে হারাতে পারেনি। দুর্বল প্রতিপক্ষকে ১৪টি ম্যাচেই হারায় বার্সেলোনা। বাকি চারটি ম্যাচ ড্র হয়।
গত মৌসুমে লেভান্তেকে রীতিমতো গোলবন্যায় ভাসায় বার্সেলোনা। নিজেদের মাঠে মেসির হ্যাটট্রিকে ৫-০ গোলে জেতে লুইস এনরিকের দল। ফিরতি ম্যাচে লেভান্তের মাঠ থেকেও একই ব্যবধানের জয় নিয়ে ফেরে তারা।
