আরিফুল আর বিকেএসপির দাপট দিয়ে শেষ বয়সভিত্তিক সাঁতার
তিন দিনে মোট নয়টি রেকর্ড গড়ে বয়সভিত্তিক সাঁতারের এবারের আসর শেষ করেছেন আরিফুল ইসলাম। তার দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও (বিকেএসপি) ৭১টি সোনা, ৬২টি রূপা ও ৩৬টি ব্রোঞ্জ পদক নিয়ে এই আসরের সেরা হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার শেষ দিনে মোট নয়টি রেকর্ড গড়েন সাঁতারুরা। আগের দুই দিনের ধারাবাহিকতায় এদিনও তিনটি রেকর্ড উপহার দেন আরিফুল।
যুবাদের (১৮-২০ বছর) ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৪ মিনিট ২৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে দিন শুরু করেন আরিফুল; ২০০৬ সালে মাহফিজুর রহমানের গড়া ৪ মিনিট ৩১.৩৩ সেকেন্ডের রেকর্ড নিজের করে নেন বিকেএসপির এই সাঁতারা।
পরে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে (২ মিনিট ১৮.১৩ সেকেন্ড) ও ৫০ মিটার ফ্রিস্টাইলে (২৪.৮৭ সেকেন্ড) নতুন রেকর্ড গড়েন আরিফুল। এই দুই ইভেন্টের আগের রেকর্ড ছিল যথাক্রমে পলাশ চৌধুরী (২ মিনিট ১৯.৩১ সেকেন্ড) ও নাগিব খন্দকারের (২৫.৪১ সেকেন্ড)।
তিন দিনে মোট নয়টি সোনা জিতে ছেলেদের মধ্যে সেরা হয়েছেন আরিফুল। মেয়েদের বিভাগে সেরা হয়েছেন বিকেএসপিরই রূপা আক্তার; ছয়টি সোনা জিতেছেন তিনি।
এছাড়া ৫০ মিটার বাটারফ্লাইয়ের বালক বিভাগে (১০ বছর) বাংলাদেশ আনসারের আবু ইউসুফ (৩৩.৪৩ সেকেন্ড), বালিকাদের (১৫-১৭ বছর) ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সুরাইয়া আক্তার (২ মিনিট ৫০.৪২ সেকেন্ড), ১০০ মিটার ফ্রিস্টাইলে (বালিকা ১১-১২ বছর) রাশেদা খাতুন (১ মিনিট ২১.৪৪ সেকেন্ড) ও ১০০ মিটার ফ্রিস্টাইলের বালক (১০ বছর) বিভাগে বিকেএসপির এনামুল হক (১ মিনিট ১২.৯৬ সেকেন্ড) নতুন রেকর্ড গড়েন। আর ডাইভিংয়ে বিকেএসপির নাসিম হোসেন দুটি রেকর্ড গড়েন।
চূড়ান্ত পদক তালিকায় বিকেএসপির পরে আছে বাংলাদেশ আনসার; ৩১টি সোনা, ২৫টি রূপা ও ১৫টি ব্রোঞ্জ জিতেছে দলটির সাঁতারুরা। যশোর সুইমিং ক্লাব ১টি করে সোনা ও রূপা এবং ৮টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
