বয়সভিত্তিক সাঁতারে রেকর্ড গড়েই চলেছেন আরিফুল
বয়সভিত্তিক সাঁতারের দ্বিতীয় দিনেও সুইমিং পুলে ঝড় তুলেছেন আরিফুল ইসলাম। এ দিন হওয়া ছয় রেকর্ডের তিনটি গড়েছেন তিনি। দুই দিনে মোট ছয়টি রেকর্ড গড়লেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির এই সাঁতারু।
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বুধবার গড়া তিন রেকর্ডের মধ্যে দুটির আগের রেকর্ড আরিফুলেরই ছিল, অন্যটি ছিল পলাশ চৌধুরীর।
যুবাদের (১৮-২০ বছর) ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৩৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে ২০১৩ সালে পলাশের গড়া (২ মিনিট ৩৭.০৭) রেকর্ড ভাঙেন আরিফুল।
২ মিনিট ৩০.৫৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে গত বছর নিজের গড়া ২ মিনিট ৩৭.৭৯ সেকেন্ডের রেকর্ড ভাঙেন আরিফুল। এরপর ১০০ মিটার ফ্রিস্টাইলে নিজের গড়া ৫৭.১১ সেকেন্ডের রেকর্ড ভাঙতে এবার ৫৬.৫৯ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি।
বালিকাদের (১০ বছর) ৫০ মিটার ফ্রিস্টাইলে ২০১৪ সালে রিয়া আক্তারের গড়া (৩৬.২২ সেকেন্ড) রেকর্ড ভাঙেন বিকেএসপির রূপা খাতুন (৩২.৮৮ সেকেন্ড)। বালিকাদের (১৫-১৭ বছর) ২০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন রেকর্ড গড়েছেন মিতু আক্তার। ৩ মিনিট ১.০৩ সেকেন্ড সময় নিয়ে ২০১৩ সালে মরিয়ম খাতুনের (৩ মিনিট ৩.১৭ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ আনসারের এই সাঁতারু।
মেয়েদের ১৮-২০ বছর বিভাগের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন রেকর্ড উপহার দিয়েছেন সোনিয়া খাতুন। গত বছর মরিয়ম খাতুনের (১ মিনিট ১৭.৭৪ সেকেন্ড) গড়া টাইমিং পেছনে ফেলেছেন বিকেএসপির এই সাঁতারু; ১ মিনিট ১৬.২৭ সেকেন্ড সময় নেন সোনিয়া।
