'মেসি সর্বকালের সেরা'
লিওনেল মেসি, নাকি ক্রিস্তিয়ানো রোনালদো? সময়ের সেরা খেলোয়াড় কে? এই প্রশ্নে লুইস এনরিকে বর্তমান সময়ে আটকে থাকেননি। এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকা মেসিকে সর্বকালের সেরা বলে আখ্যা দিয়েছেন বার্সেলোনার কোচ।
রোমার মাঠ স্তাদিও অলিম্পিকোতে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় বার্সেলোনা এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। মেসির জন্য ম্যাচটিতে আছে অন্যরকম এক মাহাত্ম্য। চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টিনা তারকার এটি শততম ম্যাচ।
শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ২৬ বছরের মধ্যে প্রথম ক্লাব হিসেবে তার দল শিরোপা ধরে রাখবে বলে মনে করেন তিনি। এনরিকের এই বিশ্বাসের মূলে আছেন মেসি।
