২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে পেছনে ফেললেন 'বিশ্বসেরা' রোনালদো

হ্যাটট্রিক করে শাখতার দোনেৎস্কের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জেতানোর পর ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে উচ্ছ্বসিত কোচ রাফায়েল বেনিতেস। কোনো সংশয় ছাড়াই তারকা এই ফরোয়ার্ডকে বিশ্বসেরা আখ্যা দিয়ে দিয়েছেন দলটির কোচ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 03:40 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

আবার ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হলো। দৃশ্যপটে আবার চলে আসল ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসির একে অপরকে ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথও। শাখতারের বিপক্ষে হ্যাটট্রিক করে মেসিকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে আসলেন রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল এখন ৮০টি। ৭৭ গোল নিয়ে মেসি আছেন তালিকার দ্বিতীয় স্থানে। এএস রোমার বিপক্ষে বুধবার এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা ফরোয়ার্ড অবশ্য তালিকার এই চেহারায় পরিবর্তন আনতে পারেন।

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে শাখতারের বিপক্ষে মঙ্গলবার ৪-০ গোলে জেতে রিয়াল। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোনালদোকে প্রশংসায় ভাসান বেনিতেস।

"ক্রিস্তিয়ানোর মানটা আমি বুঝি। সে এটা অনুশীলনে এবং ম্যাচে দেখিয়ে দেয়। সে বিশ্বের সেরা খেলোয়াড়।"

স্পেনের লা লিগায় এসপানিওলের বিপক্ষে ৫ গোল করার পর এদিন করলেন হ্যাটট্রিক। চার দিনের মধ্যে ৮ গোল করে দারুণ উচ্ছ্বসিত রোনালদো এর পেছনে সতীর্থদের অবদানকেই বড় করে দেখছেন। 

"আমি খুব খুশি এবং আমার সতীর্থদের ধন্যবাদ। সতীর্থরা আমার ওপর আস্থা রাখে। তারা আমাকে বল দেয় এবং তাদের সহায়তায় আমি গোল করি।"

মেসিকে ছাড়ানো রোনালদোর সামনে এখন একটি ক্লাব রেকর্ড ছোঁয়ার হাতছানি। এসপানিওলের বিপক্ষে ৫ গোল করে রাউলকে ছাড়িয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। আরেকটি গোল করতে পারলে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে রাউলের সর্বোচ্চ ৩২৩ গোল করার রেকর্ডও ছুঁয়ে ফেলবেন তিনি।   

রোনালদো তার পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৩৬বার এক ম্যাচে তিন বা ততোধিক গোল করার কীর্তি গড়েন। এর মধ্যে ৩৩বারই তিনি এই কীর্তি গড়েন রিয়ালের জার্সি গায়ে। সব মিলিয়ে ক্যারিয়ারে ৩১বার করেন শুধু হ্যাটট্রিক। ২ বার করেন পাঁচ গোল করে আর ৩বার করেন চার গোল।