২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে শুরু আতলেতিকোর

সহজ জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 03:19 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

তুর্ক টেলেকম অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই গোল দুটি পায় আতলেতিকো। দুবারই বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজমান।

স্বাগতিক সমর্থকদের হতাশ করে অষ্টাদশ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। হুয়ানফ্রানের দেওয়া বল মাপা শটে লক্ষ্যেভেদ করেন গ্রিজমান।

এগিয়ে যাওয়ার রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় দিয়েগো সিমেওনের শিষ্যরা। ২৪তম মিনিটে কোকের ক্রস দিয়াগো গোদিন হয়ে পেয়ে যান গ্রিজমান; ফরাসি এই ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। কিন্তু নিজেদের মাঠে গালাতাসারাইয়ের ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

গ্রিজমান, কোকেরা আর লক্ষ্যভেদ করতে না পারলেও পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলিকো।

এই গ্রুপের অন্য ম্যাচে জিতেছে বেনফিকাও। নিজেদের মাঠে কাজাখস্তানের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে আসা আস্তানাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

৫১তম মিনিটে নিকোলাস গাইতান বেনফিকাকে এগিয়ে দেওয়ার পর ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনস্তানতিনোর মিত্রোগলু।