২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের মলিন ফেরা

ম্যানচেস্টার ইউনাইটেডের এক মৌসুম বাদে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার শুরুটা মোটেও সুখের হলো না। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার দিয়ে ইউরোপ সেরার এবারের আসর শুরু করল প্রতিযোগিতাটির তিনবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 03:15 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

আইন্দহোভেনের মাঠ ফিলিপস এস্তাদিওনে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ইউনাইটেডের হারটি ২-১ গোলের।

সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করে ইউনাইটেড। কিন্তু মেম্পিস ডিপাইয়ের বাড়ানো বলে অ্যান্থনি মার্শাল পা ছোঁয়ানোর আগেই তড়িৎ এসে গ্লাভসবন্দি করেন আইন্দহোভেনের গোলরক্ষক।

চোটের কারণে ওয়েইন রুনির অনুপস্থিতিতে ইউনাইটেডের ফরোয়ার্ডের ধার আগে থেকেই কমে গিয়েছিল। ২৪তম মিনিটে চোটের কারণে লুক শ মাঠ ছাড়লে অতিথি দলের রক্ষণভাগও কিছুটা নড়বড়ে হয়ে যায়।

এর একটু পরই আন্দের এররেরার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এক মৌসুম বাদে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ইউনাইটেডের হতাশা আরও বাড়ে।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। বক্সের বাইরে বাস্টিয়ান শোয়েনস্টাইগার ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ফন খালের দল। ফ্রি কিকে মার্শালের হেড লক্ষ্যে থাকেনি।

৪১তম মিনিটে আর হতাশ হতে হয়নি ইংল্যান্ডের সফলতম দলটিকে। ডালে ব্লিন্ডের লম্বা পাস থেকে পাওয়া বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দলকে আনন্দে ভাসান ডিপাই।

চার মিনিট পর ইংল্যান্ডের দলটির হাসি কেড়ে নেন হেক্তর মোরেনো। কর্নার থেকে উড়ে আসা বলে অনেকটা লাফিয়ে উঠে হেড করেন মেক্সিকোর এই ডিফেন্ডার এবং তা ইউনাইটেডের ব্লিন্ডের মাথায় লেগে ঠিকানা খুঁজে নেয়। 

সমতায় ফেরা আইন্দহোভেন দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায়। ৫৭তম মিনিটে ম্যাক্সিম লেসটেইনের ক্রসে নিখুঁত হেডে দাভিদ দি হেয়াকে পরাস্ত করেন লুসিয়ানো নারসিং।

হুয়ান মাতা পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে আর বক্সের মধ্যে শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে দুটি সুযোগ নষ্ট করলে ইউনাইটেডের ম্যাচে ফেরার আশা ফিকে হতে শুরু করে।

শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগে বেশ চাপ তৈরি করে আইন্দহোভেন। কিন্তু দি হেয়াকে আর পরাস্ত করতে পারেনি তারা। তাতে অবশ্য স্বাগতিকদের জয়োৎসবে ভাটা পড়েনি একটুও।

এই গ্রুপের অন্য ম্যাচে শুভসূচনা করেছে ভল্ফসবুর্গ; নিজেদের মাঠে সিএসকে মস্কোকে ১-০ গোলে হারিয়েছে তারা।