‘নতুন চ্যালেঞ্জটা’ নিচ্ছেন মামুনুলরা
বিশ্বকাপ বাছাই পর্বের মাঝপথে এসে নতুন কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার অন্যরকম এক চ্যালেঞ্জের সামনে মামুনুলরা। অধিনায়ক জানিয়েছেন, দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা জিতে মাঠে সেরাটা দিতে চান তারা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচটি কিরগিজস্তানের বিপক্ষে। ১৩ অক্টোবরের এই ম্যাচ সামনে রেখে ৪১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে চলবে ক্যাম্প। এরপরই ২৩ জনের দল চূড়ান্ত করবেন নতুন কোচ ফাবিও লোপেজ।
এরই মধ্যে নতুন শিষ্যদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিয়েছেন লোপেজ। নিজের পরিকল্পনা, লক্ষ্যও মামুনুলদের জানিয়ে দিয়েছেন তিনি। বিকেএসপির ক্যাম্পে যাওয়ার আগে মঙ্গলবার নতুন কোচ নিয়ে কথা বলেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল।
বাফুফের সঙ্গে চুক্তির পরই ক্যামেরার সামনে বেশ হাসিমুখে দাঁড়িয়েছিলেন লোপেজ। একটু-আধটু রসিকতার ভঙ্গিতেও বলেছিলেন কথা। মামুনুলও জানান ‘বন্ধুর’ আন্তরিকতায় তাদের সঙ্গেও পরিচয় পর্বের আলাপচারিতা সেরেছেন কোচ।
“সবার সাথে বেশ আন্তরিকতার সঙ্গে আলাপ-আলোচনা সেরেছেন কোচ। কে কি করে, সেটাও বন্ধুর মতো করেই জানতে চেয়েছেন। তবে নতুন কোচ মানেই নতুন চ্যালেঞ্জ। তার কাছ থেকে নতুন কিছু শেখার আছে; চ্যালেঞ্জও আছে।”
প্রাথমিক আলাপে লোপেজকে বন্ধু মনে হলেও নতুন কোচের ভেতরটা শক্ত বলেই মনে হয়েছে মামুনুলের, “তিনি আমাদের বলেছেন, (মাঠের বাইরে) যে যাই করো, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু মাঠে পারফরম করতে হবে। শৃঙ্খলার বিষয়ে তিনি খুব শক্ত কোচ।”
ইতালিয়ান এই কোচের সঙ্গে বাফুফের চুক্তি আপাতত চার মাসের। একটা দল নিজের মতো করে গুছিয়ে নেওয়া ও তৈরি করার জন্য সময়টা একেবারেই অল্প। মামুনুলের মনে হচ্ছে, এই সময়ে কোচ কৌশলগত দিকের চেয়ে ফুটবলারদের ফিটনেস নিয়ে বেশি কাজ করবেন।
তবে দিনশেষের হিসেবটা যে ম্যাচের ফলে, সেটা কোচ তাদের শুনিয়ে দিয়েছেন বলেও জানান মামুনুল, “তিনি আমাদের বলে দিয়েছেন, অতীত অধ্যায় (লোডভিক ডি ক্রুইফ) শেষ; নতুন অধ্যায় শুরু। আমি ভালো কোচ কিন্তু কখন? যখন আমি সবাইকে ভালো ফলাফল দেখাতে পারব, তখন।”
কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে বাছাই পর্বে ‘বি’ গ্রুপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করলেও পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া (৫-০) ও জর্ডানের (৪-০) বড় ব্যবধানে হারে মামুনুলরা।
তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে পঞ্চম বাংলাদেশ। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯।
