রোমে শুরু মেসিদের শিরোপা ধরে রাখার মিশন
বার্সেলোনার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার অভিযান শুরু। আর কোচ লুইস এনরিকের জন্য প্রতিশোধের উপলক্ষ। এই দুই লক্ষ্য নিয়েই রোমার বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেসরা।
রোমার মাঠ স্তাদিও অলিম্পিকোতে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায়।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা আর রোমার সাক্ষাৎ মাত্র দুবারই হয়েছে। ২০০১-০২ মৌসুমে দ্বিতীয় গ্রুপ পর্বের লড়াইয়ের (তখন চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াই চারটি গ্রুপে ভাগ হয়ে হতো) প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। ফিরতি লেগে রোমার মাঠে হেরেছিল ৩-০ ব্যবধানে।
দুই লেগের ওই লড়াইয়ে খেলা দুই দলের এক জন করে থাকছেন বুধবারের ম্যাচেও। ফ্রান্সেসকো তত্তির হাতে উঠেছে অধিনায়কের ব্যান্ড। আর আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তখনকার বার্সেলোনায় খেলা এনরিকে যাচ্ছেন দলটির কোচ হিসেবে।
লড়াই মাঠে গড়ানোর আগে এনরিকেকে নিশ্চয় বাড়তি প্রেরণা জোগাচ্ছে প্রতিশোধ নেওয়ার বিষয়টি। ইউরোপ সেরার মঞ্চে খেলোয়াড় হিসেবে রোমাকে হারাতে না পারলেও কোচ হিসেবে নিশ্চয় সেই অপূর্ণতা ঘোচাতে চাইবেন তিনি।
প্রতিপক্ষের শক্তির কথা বিবেচনা করে রোমার কোচ রুডি গার্সিয়া কোনা দ্বিধা ছাড়াই বার্সেলোনাকে এগিয়ে রাখলেন, "বার্সেলোনার পর এটা উন্মুক্ত একটি গ্রুপ।"
এনরিকের জন্য ম্যাচটি আবার ভিন্ন এক আবেগেরও, নিজের পুরোনো ক্লাবে ফিরছেন তিনি। ২০১১-১২ মৌসুমে রোমার কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে সেই আবেগ এনরিকেকে খুব একটা স্পর্শ করছে না।
বার্সেলোনা কোচ বরং ইতালির রাজধানীতে কাটানো ওই এক বছরকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন। রোমের জল-হাওয়া আর স্তাদিও অলিম্পিকো সম্পর্কে তার জানাশোনাটা বেশ কাজে লাগবে বলেই মনে করেন এনরিকে।
মেসির জন্যও ম্যাচটি এক দিক থেকে বিশেষ। এই ম্যাচেই তিনি স্পর্শ করতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ খেলার মাইলফলক।
