২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের বিপক্ষে নেই সিটির আগুয়েরো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই কঠিন পরীক্ষায় ম্যানচেস্টার সিটি। একে তো গতবারের রানার্সআপ ইউভেন্তুস কঠিন প্রতিপক্ষ, তার উপর নিজেদের চোট সমস্যা বাড়তি দুশ্চিন্তায় ফেলেছে সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনিকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা তারকা সের্হিও আগুয়েরোকে পাচ্ছে না ইংল্যান্ডের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 07:52 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

হাঁটুতে চোট পেয়েছেন আগুয়েরো। প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের ২৫তম মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
 

এই মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে একটি গোল করা আগুয়েরো ক্রিস্টালের বিপক্ষে ম্যাচ শেষে সুস্থ হয়ে ইউভেন্তুসের বিপক্ষে খেলার আশা প্রকাশ করে টুইট করেছিলেন। একই প্রত্যাশা ছিল কোচেরও। কিন্তু সোমবার ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে না খেলানোর বিষয়টি নিশ্চিত করেন পেল্লেগ্রিনি।  চোট সমস্যা আছে এই মৌসুমেই লিভারপুল থেকে সিটিতে যোগ দেওয়া রাহিম স্টার্লিংয়েরও। হ্যামস্ট্রিংয়ের (পায়ের পেশি) চোটে ভুগছেন ইংলিশ এই মিডফিল্ডার। তবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায় হতে যাওয়া গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ।