২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বলে ওঠা রোনালদোদের সামনে এবার শাখতার

চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে দারুণভাবে জ্বলে উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। স্প্যানিশ লিগে এসপানিওলকে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদ এবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ভালো কিছু চাইছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 07:32 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

ইউক্রেনের ক্লাব শাখতারের বিপক্ষে রিয়াল এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে একটায়।
 
স্পেনের লা লিগায় রোনালদোর শুরুটা ভালো ছিল না। দলের প্রথম দুই ম্যাচে গোল পাননি পর্তুগালের এই ফরোয়ার্ড। তবে সব আলোচনা দূর করে গত শনিবার এসপানিওলের বিপক্ষে দলের ৬-০ ব্যবধানের জয়ে রোনালদো করেন ৫ গোল। 
 
৭৭ গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাকে সামলাতে বিশেষ পরিকল্পনাই করতে হবে শাখতারের কোচকে। অন্যদিকে, রিয়ালের নতুন কোচ রাফায়েল বেনিতেস চাইবেন, তার দলের সেরা তারকা আরেকবার জ্বলে উঠুক। 
 

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর ম্যাচে মাত্র দুবারই জিততে ব্যর্থ হয় রিয়াল। এর সবশেষটি ছিল ১৯৬৩ সালে। সেবার আন্ডারলেখটের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল টুর্নামেন্টের সর্বোচ্চ (১০ বার) শিরোপা জেতা ক্লাবটি।  এবারও শুরুতে হোঁচট খাওয়ার শঙ্কা নেই বললেই চলে রিয়ালের। তবে বেনিতেস বেশ সতর্কই। "খুব অভিজ্ঞ একজন কোচ নিয়ে তারা (শাখতার) দারুণ দল। তাদের সামর্থ্যবান, মানসম্মত আর গতিময় খেলোয়াড় আছে। আমরা যদি খুব মনোযোগী না থাকি আর ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে না নেই, তাহলে এটা আমাদের জন্য কঠিন হতে পারে।"