২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের কাছে মিলানের হার

এসি মিলানে দ্বিতীয় মেয়াদের শুরুটা ভালো হয়নি মারিও বালোতেল্লির। নিজে ভালো ফুটবল খেললেও দলকে জেতাতে পারেননি ইতালির এই ফরোয়ার্ড। নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরে গেছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

এই মৌসুমেই লিভারপুল থেকে ধারে মিলানে আসার পর রোববার রাতে প্রথম ম্যাচ খেলতে নামেন বালোতেল্লি। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত মিলানে খেলা এই ফরোয়ার্ড বদলি হিসেবে মাঠে নামার আগেই অবশ্য ম্যাচের একমাত্র গোলটি খায় মিলান।
 
বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে জোরালো শটে ৫৮তম মিনিটে গোলটি করেন ফ্রেদি গুয়ারিন। ইতালির ডিফেন্ডার দাভিদে সান্তোনের পাস পেয়ে বল জালে জড়ান কলম্বিয়ার এই মিডফিল্ডার। 
 

৬২তম মিনিটে বদলি হিসেবে নেমে বাকি সময়ে দুবার গোল পরিশোধের সুযোগ তৈরি করেন বালোতেল্লি। কিন্তু দুই বারই হতাশায় শেষ হয় তার প্রচেষ্টা। বালোতেল্লির প্রথম প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। এরপর তার নেওয়া ফ্রি কিক অল্প দূর দিয়ে চলে যায়। মৌসুমের প্রথম 'মিলান ডার্বি' জিতে এবারের লিগে শতভাগ সাফল্য ধরে রাখল ইন্টার। একই সঙ্গে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেও উঠে এসেছে ক্লাবটি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে কিয়েভো। দ্বাদশ স্থানে নেমে যাওয়া মিলানের পয়েন্ট ৩। গতবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুসের অবস্থা আরও খারাপ। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া দলটি আছে ষষ্ঠদশ স্থানে।