অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ফেনীর
আধিপত্য করেই অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছে ফেনী জেলা। ফাইনালে তারা ২-০ গোলে নারায়ণগঞ্জকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের ফাইনালে দুই অর্ধে একটি করে গোল করে ফেনী। নুরুল আফসারের গোলে এগিয়ে যাওয়া ফেনীর জয় অনেকটাই নিশ্চিত হয় সরোয়ার হোসেন লক্ষ্যভেদ করলে।
ম্যাচ শুরুর আগ মুহূর্তের বৃষ্টিতে মাঠ ভারী হয়ে যাওয়ায় খেলার গতি কিছুটা কম ছিল। ফ্লাডলাইটেও পর্যাপ্ত আলো না থাকায় নুরুল-মৃদুলদের খেলাটা আরও কঠিন হয়ে যায়।
শুরুতেই নারায়ণগঞ্জ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। আক্রমণ ঠেকাতে ফেনীর গোলরক্ষক মোহাম্মদ ইয়াকুব এগিয়ে এলেও সুযোগটা কাজে লাগাতে পারেনি নারায়ণগঞ্জ।
ধীরে ধীরে গুছিয়ে উঠে নারায়ণগঞ্জকে চাপে রাখতে শুরু করে ফেনী। নুরুলের দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশ হতে হয় তাদের। দশম মিনিটে ডান দিক দিয়ে দ্রুত আক্রমণে যাওয়া ফেনীর এই ফরোয়ার্ডের দুর্বল শট রুখে দেন গোলরক্ষক অন্তর কুমার। ২০তম মিনিটেও নুরুলের জোরালো শট দ্বিতীয় প্রচেষ্টায় ধরেন গোলরক্ষক।
৪১তম মিনিটে আর গোলপোস্ট আগলে রাখতে পারেননি অন্তর; বক্সের বাইরে থেকে আব্দুল্লাহ আবরার রাজনের শট ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন। সুযোগ সন্ধানী নুরুল ফিরতি শটে লক্ষ্যভেদ করে গ্যালারিতে হাতে গোনা ফেনী সমর্থকদের আনন্দে ভাসান।
৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেনী। নুরুলের ফ্রি কিক অনেকটা লাফিয়ে উঠে ফিস্ট করেন নারায়ণগঞ্জের গোলরক্ষক কিন্তু বল বাতাসে থাকতেই গতিময় শটে লক্ষ্যভেদ করেন সরোয়ার।
নারায়ণগঞ্জের রক্ষণভাগে চাপ ধরে রেখে ব্যবধান বাড়িয়ে নেওয়ার আরও সুযোগ তৈরি করে ফেনী। কিন্তু ৮০তম মিনিটে নুরুলের একটু ঝুলিয়ে নেওয়া শট দারুণ দক্ষতায় ফেরান অন্তর। পাঁচ মিনিট পর আরাফাত হোসেন দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখলে নারায়ণগঞ্জের ম্যাচের আশা শেষ হয়ে যায়।
