কষ্টের ড্রয়ে প্রথম পয়েন্ট পেলো ইউভেন্তুস
টানা দুই ম্যাচ হারের পর সেরি আর চলতি মৌসুমে প্রথম পয়েন্ট পেলো ইউভেন্তুস। নিজেদের মাঠে শিভো ভারেনার বিপক্ষে কষ্টের ড্রয়ে পয়েন্টের খাতা খুলেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
ইউভেন্তুস স্টেডিয়ামে শনিবার রাতে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
উদিনেস ও রোমার কাছে আগের দুই ম্যাচে হারা ইউভেন্তুস এই ড্রয়ে পর এক পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে রয়েছে। অন্যদিকে টানা দুই জয়ের পর সেরি আতে এই প্রথম ড্র করা শিভো ভারেনা তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
নিজেদের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ইউভেন্তুস। ফিনল্যান্ডের মিডফিল্ডার পারপ্যারিম হেটেমাজ লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় শিভো ভারেনা। এই স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় অতিথি দলটি।
সমতায় ফিরতে মরিয়া ইউভেন্তুস ম্যাচে ফেরা গোল পায় পেনাল্টি থেকে। বক্সের মধ্যে কোয়ারদাদো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে লক্ষ্যভেদ করতে একটু ভুল করেননি পাওলো দাইবালা।
একই রাতে জয় পেয়েছে রোমা ও ফিওরেন্তিনা। ফোরোসিনোনের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে রোমা। আর জেনোয়াকে ১-০ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা।
