২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে ম্যান সিটির জয়

ক্রিস্টাল সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে ঘাম ছুটে গেছে ম্যানচেস্টার সিটির। শেষ মুহূর্তের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে টানা পঞ্চম জয় পেয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 10:21 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে শনিবার ম্যানচেস্টার সিটির জয়ে গোলটি করেন কেলাচি ইয়েনাচো। ৮৯তম মিনিটে উইলফ্রেড বনির বদলি হিসেবে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকে নামান কোচ। এক মিনিট পরই বক্সের মধ্যে থেকে মাপা শটে লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সী এই তরুণ।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থান সুসংহত করেছে ২০১৩-১৪ মৌসুমের লিগ শিরোপা জেতা সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ক্রিস্টাল প্যালেস। একই দিনে স্টোক সিটিকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

নিজেদের মাঠে শুরু থেকে গোছালো ফুটবল খেলে আক্রমণে যায় ক্রিস্টাল প্যালেস। আগের ম্যাচে চেলসিকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসীই ছিল তারা।

পঞ্চম মিনিটে বনি এবং এর একটু পর সামির নাসরির হাত ধরে পাল্টা আক্রমণে যায় ম্যানচেস্টার সিটি। বনি, নাসরি লক্ষ্যভেদে ব্যর্থ হলে স্বাগতিকদের দাপট কমে যায় অনেকটা।

২৫তম মিনিটে চোটের কারণে সের্হিও আগুয়েরো মাঠ ছাড়লে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের  শক্তি কমে যায়। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের বদলি হিসেবে নামেন কেভিন ডি ব্রুইন।

৩৮তম মিনিটে অতিথি দলের হেসুস নাভাসের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে আর ডি ব্রুইন লক্ষভেদে ব্যর্থ হলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেসের রক্ষণদেয়ালে আটকে যাচ্ছিল সিটির আক্রমণ। তবে শেষ পর্যন্ত পেল্লেগ্রিনির দলকে আর রুখতে পারেনি স্বাগতিকরা।