২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের গোল উৎসবে রোনালদোর হ্যাটট্রিক

আগের দুই ম্যাচে তেমন কিছু করতে না পারলেও এবার জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এসপানিওলের মাঠে স্বাগতিকদের ৬-০ গোলে হারিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 10:03 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

রিয়ালের জয়ে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন রোনালদো। করিম বেনজেমার করা অন্য গোলেও অবদান ছিল এই পর্তুগিজ ফরোয়ার্ডের। এই জয়ে তিন ম্যাচে রিয়ালের পয়েন্ট হল সাত। 

স্পোর্তিং গিহনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে লা লিগার চলতি আসর শুরু করে রিয়াল। পরের ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দেয় রাফায়েল বেনিতেসের শিষ্যরা।

বেতিসের বিপক্ষেও গোল পাননি লা লিগার গত আসরের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। চলতি মৌসুমের তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল পেলেন তিনি। মাত্র ১৩ মিনিটের মধ্যে তিনবার এসপানিওলের জালে বল পাঠিয়ে তিনিই দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। 

লুকা মদ্রিচের পাস থেকে সপ্তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। ডি বক্সের ভেতর থেকে বল জালে পাঠান পর্তুগালের এই তারকা। 

এসপানিওলের আলভারো গনসালভেস ডি বক্সে গ্যারেথ বেলকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সপ্তদশ মিনিটে সেই পেনাল্টি থেকেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। হ্যাটট্রিক পূরণ করতে বেশি সময় নেননি তিনি। তিন মিনিট পর বেলের দারুণ ক্রসে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

এই তিন গোলে স্পেনের শীর্ষ লিগ লা লিগায় লিওনেল মেসির সর্বোচ্চ ২৪ হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করলেন সময়ের আরেক সেরা তারকা রোনালদো।

২৯তম মিনিটে বেলের কাছ থেকে পাস পেয়ে রোনালদো বল বাড়ান বেনজেমাকে। এই ফরাসী স্ট্রাইকার এসপানিওলের গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান ৪-০ করেন। ৪৩তম মিনিটে বেনজেমার শট বারে লেগে ব্যর্থ হয়ে যায়।

গোলের জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকে এসপানিওলের রক্ষণভাগের ওপর চাপ বাড়ায় রিয়াল। গোলের জন্য ৬২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বেলের কাছ থেকে বল পেয়ে নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো।

৭২তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়া করে এসপানিওল। কেইলর নাভাসের দৃঢ়তা আর স্বাগতিকদের আক্রমণভাগের ব্যর্থতায় সেবার বেঁচে যায় রিয়াল।

৮০তম মিনিটে নিজের পঞ্চম গোলটি পেয়ে যান রোনালদো। দ্বিতীয়ার্ধের বদলি লুকাস ভাসকুয়েসের পাস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান ফাঁকায় দাঁড়ানো এই উইঙ্গার। এর তিন মিনিটে 'ডাবল হ্যাটট্রিক' পেয়েই যাচ্ছিলেন তিনি। অল্পের জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তাতে অবশ্য রিয়ালের জয়োৎসবের আনন্দে ভাটা পড়েনি একটুও।