এবার এভারটনের কাছে হারল চেলসি
ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার এভারটনের কাছে হেরেছে জোসে মরিনিয়োর দল। হ্যাটট্রিক করেছেন বিজয়ী দলের স্কটিশ ফরোয়ার্ড নাইস্মিথ।
এভারটনের মাঠ গুডিসন পার্কে শনিবার চেলসির হারটি ৩-১ গোলে।
এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছিলেন লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ মরিনিয়ো। কিন্তু ম্যাচটি ভালোভাবে শুরু করে স্বাগতিক এভারটনই।
অতিথি দলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এভারটন। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম আক্রমণটিও তারাই করে। গোল পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের।
বাঁ প্রান্ত থেকে ব্রেন্ডন গ্যালোওয়ের নিখুঁত একটি ক্রস থেকে হেডে দারুণ এক গোল করে এভারটনকে এগিয়ে দেন নাইস্মিথ। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। নাইস্মিথের দ্বিতীয় গোলটিতে অবদান ছিল রস বার্কলির।
ম্যাচে ফেরার জন্য দ্বিতীয়ার্ধে রাদামেল ফালকাও আর উইলিয়ানকে মাঠে নামায় চেলসি। তবে এভারটন তাদের আক্রমণাত্মক ফুটবল খেলে যায় আর আধিপত্য ধরে রাখে। চেলসিও সুনির্দিষ্ট কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
এভারটনই বরং জয়ের ব্যবধান বাড়ায়। বার্কলির পাস থেকে অসাধারণ এক কোনাকুনি শটে চেলসি গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে ৮২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নাইস্মিথ।
চেলসির গত মৌসুমের শেষ আর এ মৌসুমের শুরুটা একদম উল্টা রকম। গত মৌসুমের শেষ দিকে একের পর এক ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিয়েছিল মরিনিয়োর দল। আর এবার শিরোপা ধরে রাখার মিশনটাই তাদের শুরু হল বাজেভাবে।
লিগের প্রথম ম্যাচে সোয়ানসির সঙ্গে ২-২ গোলে ড্র করে চেলসি। দ্বিতীয় ম্যাচে সিটির কাছে ৩-০ গোলে হেরে যায় তারা। ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। কিন্তু চতুর্থ ম্যাচেই আবার ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরে যায় তারা।
এবার এভারটনের কাছে হারে যেন বাজেভাবে মৌসুম শুরুর ষোলোকলা পূর্ণ হলো চেলসির। পাঁচ ম্যাচ থেকে ৫ গোল পাওয়া চেলসি হজম করেছে ১২টি গোল। আর পয়েন্ট মাত্র ৪।
