সেরেনার স্বপ্নের অপমৃত্যু
১৮ বছরের গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে ২১টি শিরোপা জিতলেও কখনোই এক বছরে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি। সেরেনা উইলিয়ামসের অধরা সে স্বপ্ন পূরণের জোর সম্ভাবনা জেগেছিল এবার। কিন্তু বিধিবাম। শেষমেশ কি না সেই আকাশ ছোঁয়া স্বপ্নের শেষ হলো অবাছাই এক খেলোয়াড়ের হাতে! রবের্তা ভিঞ্চির কাছে হেরে ইউএস ওপেনের সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
বৃষ্টির কারণে পিছিয়ে যাওয়া লড়াইয়ে প্রথম সেট সহজেই জিতে প্রত্যাশার বেলুন ফুলিয়েছিলেন সেরেনা। কিন্তু পরের দুটি সেট হেরে এবারের টেনিস বর্ষে সবচেয়ে বড় অঘটনের শিকার হন ৩৩ বছর বয়সী এই তারকা। ২-৬, ৬-৪, ৬-৪ গেমে জিতে ফাইনালে ওঠেন ভিঞ্চি।
এখানে এর আগে ছয়বার শিরোপা উঁচিয়ে ধরা সেরেনা বর্তমান চ্যাম্পিয়নও বটে। সবচেয়ে বড় কথা-এ বছর শুরু থেকে যেভাবে তিনি কোর্টে রাজত্ব করছিলেন, তাতে এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম বা ‘ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম’ জেতার অসাধারণ কৃতিত্ব গড়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। ফাইনালে ওঠার পথের বাধাও বড় কোনো প্রতিপক্ষ ছিল না, ইতালির খেলোয়াড় ভিঞ্চির র্যাঙ্কিং ৪৩।
ভিঞ্চির জয়ে টেনিস জগতে জন্ম হতে যাচ্ছে একটি ‘নতুনের’। ১৯৬৮ সালে টেনিসের উন্মুক্ত যুগ শুরুর পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দুই প্রতিপক্ষ ইতালিয়ান! শনিবার হতে যাওয়া ‘অল ইতালিয়ান’ ফাইনালের শিরোপা লড়াইয়ে ভিঞ্চি খেলবেন ফ্লাভিয়া পেন্নেত্তার বিপক্ষে।
সেমি-ফাইনালের অন্য ম্যাচে সিমোনা হালেপকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন পেন্নেত্তা।
