২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া রুনির প্রশংসায় মেসি

কিংবদন্তি স্যার ববি চার্লটনের গোলের রেকর্ড ভাঙা ওয়েইন রুনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা মনে করেন, রুনির মতো আর কেউ নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:40 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ইউরো-২০১৬-এর বাছাই পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে গত মঙ্গলবারের ম্যাচে দারুণ কীর্তিটি গড়েন রুনি। পেনান্টি থেকে লক্ষ্যভেদ করে চার্লটনের ইংল্যান্ডের হয়ে করা ৪৯ গোলের রেকর্ড ভাঙেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

রুনির প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, “অনেকেই বিশেষ মানের খেলোয়াড় কিন্তু রুনি ব্যতিক্রমী মেধা সম্পন্ন এবং তার কৌশলগত সামর্থ্য রয়েছে। কেউ তার মতো নয়।”

একটা প্রজন্মে রুনির মতো খেলোয়াড় একজনই আসে বলেও জানান মেসি। আর্জেন্টিনা অধিনায়ক আরও আশা করেন, আগামী দিনগুলোয় রেকর্ডটাকে আরও উঁচুতে তুলবেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।

মেসির মতো রুনিরও জাতীয় দলের হয়ে এখনও বড় কোনো শিরোপা জেতা হয়নি। তবে কদিন আগে ইউরোপ সেরা ফুটবলারের পুরস্কার জেতা বার্সেলোনার এই ফরোয়ার্ডের বিশ্বাস, ইংল্যান্ডের হয়েও সাফল্য পাবেন রুনি।

১৯৭০ সালের মে মাসে ইংল্যান্ডের হয়ে নিজের ৪৯তম গোলটি করেছিলেন চার্লটন। সুইজারল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলির ম্যাচে ৪৫ বছর আগে চার্লটনের গড়া রেকর্ডটি ভাঙেন রুনি; বর্তমানে দেশের হয়ে তার গোল ৫০টি।