২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফুটবলে ক্রুইফ পর্ব শেষ, লোপেজের শুরু

লোডভিক ডি ক্রুইফের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে বৃহস্পতিবারই তাকে বিদায় নিতে হয়েছে। একই দিনে সংস্থাটি চার মাস মেয়াদে মামুনুলদের জন্য নতুন কোচ হিসেবে ফাবিও লোপেজের নাম ঘোষণা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 08:27 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

চার মাস মেয়াদ হলেও লোপেজ জানুয়ারির কত তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তা অবশ্য বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানায়নি বাফুফে। তবে জানুয়ারিতে হতে যাওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত এই ইতালিয়ানের সঙ্গে চুক্তি থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আওয়াল।

“আগামী ৪ মাসের জন্য আমরা একজন ইতালিয়ান হেড কোচ, একজন সহকারী এবং একজন ফিটনেস কোচকে নিয়োগ দিতে যাচ্ছি। বাংলাদেশী কোচ সাইফুল বারী টিটু এবং পূর্বের গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার অবশ্য থাকছেন এই কোচিং স্টাফদের সঙ্গে। সবমিলিয়ে আমাদের কোচিং স্টাফ হবে পাঁচ জনের।”

মামুনুলদের নতুন কোচ লোপেজের সহকারী কোচের নাম কস্তানতিনো জুকারিনি আর ফিটনেস কোচের নাম এ্যাঞ্জেলো পাভিয়া বলে জানায় ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফে জানায়, লোপেজ ইতালির ঘরোয়া লিগের দল এএস রোমার যুব দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০০৭-০৮ মৌসুমে প্রধান কোচ হিসেবে এই ইতালিয়ান ক্যারিয়ার শুরু করেন লিথুনিয়ার প্রফেশনাল ক্লাব এফকে বাঙ্গা গারজদাইয়ের হয়ে। এরপর মালয়েশিয়া এবং মালদ্বীপের ক্লাবে দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ী জীবনে লোপেজ ছিলেন গোলরক্ষক। ৪২ বছর বয়সী এই ইতালিয়ান নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য সেরাটা ঢেলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

“বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করতে চাই। এ জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো।”

মামুনুল-জুয়েল জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ম্যাচ দেখা লোপেজ জানালেন, খেলোয়াড়দের সঙ্গে জানাশোনা ঠিকঠাক হওয়ার পরই পরের মিশন শুরু করবেন তিনি।

“আমি আগে খেলোয়াড়দের জানবো, বুঝবো। এরপর ফর্মেশন ঠিক করব। সেটি হতে পারে ৪-৩-৩ অথবা ৪-১-৪-১ বা অন্য কিছু।”

লোপেজের মতো ক্রুইফের শুরুটাও ২০১৩ সালে অনেক আনুষ্ঠানিকতা দিয়েই হয়েছিল। কিন্তু মাঝের সময়টাতে বকেয়া বেতন বিতর্ক, কর্মকর্তাদের সম্পর্কে গণমাধ্যমে বিভিন্ন অভিযোগ-অনুযোগ, হুটহাট দেশে চলে যাওয়া-এমন অনেক কারণে ক্রুইফ আলোচনায় এসেছেন একাধিকবার।

সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রেফারির সঙ্গে বাজে আচরণ করে শাস্তি ও জরিমানা হওয়ার পর নেদারল্যান্ডসের এই কোচের সঙ্গে বাফুফের সম্পর্কের আরও অবনতি হয়। এ কারণেই শেষ দিকে এসে ‘অ্যাসাইনমেন্ট ভিত্তিক’ দায়িত্ব পালন করা ক্রুইফের বিদায় অনেকটা চুপিসারেই হয়ে গেল।

এভাবে চলে যাওয়ায় হতাশ ক্রুইফ বলেন, “আমি চেয়েছি বাংলাদেশের ফুটবলকে ভাল একটা পর্যায়ে নিয়ে যেতে। কিন্তু দুর্ভাগ্য, সেটা পারিনি। বাফুফের সঙ্গে আমার সম্পর্ক শেষ।”

বিদায় বেলায় আর সাফল্য-ব্যর্থতা মাপতে চাইলেন না নেদারল্যান্ডসের এই কোচ। শুধু জানালেন, বাংলাদেশের ফুটবলের জন্য সবসময় শুভকামনা থাকবে তার।