'ব্রাজিল এক জনের দল নয়'
নেইমারের দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উদাহরণ আছে ঢের। তার অনুপস্থিতিতে ব্রাজিলকে ভুগতেও দেখা গেছে অনেকবার। তবুও তারকা এই ফরোয়ার্ডের বিশ্বাস, তার শূন্যস্থান পূরণ করার মতো অনেক খেলোয়াড় আছে ব্রাজিল দলে। বললেন, এটা 'এক-জনের' দল নয়।
কোস্টা রিকার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র ৯ মিনিট খেলেছিলেন নেইমার। ওই ম্যাচে ব্যক্তিগত কোনো সাফল্যও ছিল না তার। তবে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানো ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন বার্সেলোনার এই তারকা।
নেইমারের আলো ছড়ানো পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের কিছুটা আফসোসও হয়তো বাড়িয়ে দিচ্ছে। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে যে দলের সেরা খেলোয়াড়কে পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কোপা আমেরিকার গত আসরে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে বাজে আচরণ করায় লাল কার্ড পান নেইমার। পরে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। নেইমারকে ছাড়া কোয়ার্টার-ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে ওই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে ব্রাজিল।
আর তাই হয়তো নেইমারের এবারের অনুপস্থিতি সমর্থকদের বাড়তি দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ক নেইমারকে ছাড়ায় পরিকল্পনা সাজাতে হবে কোচ দুঙ্গাকে।
নেইমার নিজে অবশ্য এটা কোনো সমস্যা হিসেবে দেখছেন না। তার বিশ্বাস, তাকে ছাড়াও ব্রাজিল দল ভালো করবে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদেক প্রশ্নের জবাবে নেইমার বলেন, "আমার মতে, ব্রাজিলে অনেক ভালো খেলোয়াড় আছে, যারা আমার শূন্যস্থান করতে পারে। ব্রাজিল কখনোই এক জনের দল নয়। গত দুই ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আমি পুরো দলকে শুভেচ্ছা জানায়।"
