২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের জয়ে নেইমারের জোড়া গোল

শক্তি আর পরিসংখ্যানে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়েছে ব্রাজিল। অধিনায়ক নেইমারের নৈপুণ্যে প্রীতি ম্যাচে ৪-১ গোলে জিতেছে দুঙ্গার শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 09:22 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে নামার আগে ব্রাজিলের পাওয়া সহজ জয়ে জোড়া গোল করেন দ্বিতীয়ার্ধের বদলি নেইমার।

বুধবার যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে নবম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। উইলিয়ানের ক্রস থেকে বল পেয়ে অতিথিদের এগিয়ে নেন হাল্ক।

চার মিনিট পর সমতা ফেরানোর সুযোগ আসে যুক্তরাষ্ট্রের সামনে। কিন্তু ব্রাজিলের ডিফেন্ডার মিরিন্দার দৃঢ়তায় গোলে ঠিক মতো শট নিতে পারেননি অ্যাল্টিডোর।

প্রীতি ম্যাচে মেক্সিকো, নেদারল্যান্ডস, জার্মানি, গুয়েতেমালা ও পেরুকে হারানো যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই দেননি নেইমার। আগের ম্যাচে ৯ মিনিট খেলা ব্রাজিলের সবচেয়ে তারকা এবার দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি নামেন।

গোলের জন্য মাত্র ছয় মিনিট অপেক্ষা করতে হয় নেইমারকে। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে ব্যবধান ৩-০ করার কৃতিত্ব রাফিনিয়ার। লুকাসের পাস পেয়ে এক ঝটকায় মার্কারকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তিন মিনিট পর অসাধারণ দক্ষতায় নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। লুকাসের পাস পেয়ে যুক্তরাষ্ট্রের এক জন খেলোয়াড়কে কাটান তিনি। ততক্ষণে স্বাগতিকদের আরেক জন খেলোয়াড় চলে আসেন, তাকেও ফাঁকি দেন এই ফরোয়ার্ড।  এই সুযোগে গোলরক্ষকের সামনে যুক্তরাষ্ট্রের চার খেলোয়াড় দাঁড়িয়ে গেলেও বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি নেইমারের।

৪-০ গোলে এগিয়ে গেলেও আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি ব্রাজিল। তবে আর কোনো গোল পায়নি অতিথিরা। বরং যোগ করা সময়ে ড্যানিয়েল উইলিয়ামসের দারুণ এক গোলে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র।

কোপা আমেরিকার শেষ আট থেকে বিদায় নেওয়া ব্রাজিল এর আগে যুক্তরষ্ট্র সফরের প্রথম ম্যাচে গত শনিবার কোস্টার রিকাকে ১-০ গোলে হারায়।