স্পেনের কষ্টের জয়
ইউরো বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে স্পেন। গ্রুপের তলানিতে থাকা মেসিডোনিয়াকে একমাত্র গোলে হারিয়েছে ভিসেন্তে দেল বস্কের দল।
প্রতিপক্ষের মাঠে এদিন স্পেনের জয়ের নায়ক হুয়ান মাতা। একমাত্র গোলটি তিনিই করেন।
গত সেপ্টেম্বরে প্রথম লেগে মেসিডোনিয়াকে ৫-১ গোলে হারানো স্পেন মঙ্গলবার রাতে শুরুতেই এগিয়ে যায়। অষ্টম মিনিটে দলকে এগিয়ে দেন মাতা। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের উঁচু করে মারা বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
৪২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন, কিন্তু দুর্ভাগ্য বাঁধ সাধে। দানিয়েল কারবাহালের ডান দিক থেকে নেওয়া শট ক্রসবারে লাগে।
দ্বিতীয়ার্ধে পুরোটা সময় ধরে স্পেন বলের নিয়ন্ত্রণ রাখলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের বেঁধে রাখতে স্বাগতিকদের মাঝ মাঠ আর রক্ষণের খেলোয়াড়দের কৃতিত্বও উল্লেখযোগ্য।
এই জয়ে আট ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া স্পেনের ‘সি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত হলো।
দিনের অন্য ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করা স্লোভাকিয়া ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের পয়েন্ট ১৬।
