২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ, ক্ষুব্ধ ক্রুইফ

জর্ডানের কাছে বড় ব্যবধানে হারটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না লোডভিক ডি ক্রুইফ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের এই কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 09:08 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ৪-০ গোলে জর্ডানের কাছে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে আতিকুর রহমান মিশুর অপেশাদার আচরণের কড়া সমালোচনা করেন কোচ।

চতুর্দশ মিনিটে মিশু বক্সের মধ্যে হাত দিয়ে বল আটকানোর বোকামি করায় পেনাল্টি পায় জর্ডান। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তাদের ফরোয়ার্ড আবদেল্লাহ দেইব। মিশুর এমন আচরণকে ‘অপেশাদার’ জানিয়ে হাত দিয়ে বল খেলার ভঙ্গি করে ক্রুইফ বলেন, “প্রথম গোলটি ছিল হাস্যকর ভুলের কারণে; বক্সের মধ্যে কেউ (আমাদের কেউ) হাত দিয়ে ফুটবল খেলার চেষ্টা করেছে! আর দ্বিতীয় গোলটি আমরা ওদেরকে উপহার দিয়েছি।”

৩৩তম মিনিটে জামাল ভূঁইয়ার ভুলে দ্বিতীয় গোলটি পায় জর্ডান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডার বক্সের মধ্যে বল বিপদমুক্ত না করলে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন মন্তের আবু আমারা। ক্রুইফ জানান, বক্সের মধ্যে বল দ্রুত বিপদমুক্ত করাটাই নিয়ম। কিন্তু জামালদের সেটা না করার ‘ব্যাখ্যা’ তার কাছে নেই।

প্রথমার্ধে দুই গোল খেলেও এই অর্ধেই সমতা ফেরানোর তিনটি দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

মামুনুল ইসলামের কর্নারে ইয়াসিন খানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর জাহিদ হাসান এমিলি গোলমুখে তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধের শেষ দিকে সেরা সুযোগটি নষ্ট করেন জুয়েল। বল পায়ে দ্রুত বক্সে ঢুকে পড়লেও এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।

৪-০ স্কোরলাইন তাই বাধ্য হয়ে মেনে নিচ্ছেন ক্রুইফ, “প্রথমার্ধে আমরা খারাপ খেলিনি। ম্যাচের স্কোরলাইন ১-০ বা ২-১ হতে পারত। কিন্তু আপনি যখন গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারবেন না, তখন বিপদ আসবেই।”

মালয়েশিয়া-অস্ট্রেলিয়া ঘুরে আসা মামুনুলদের ক্লান্ত থাকার কথাও আলাদাভাবে বলেছেন নেদারল্যান্ডসের এই কোচ। মিশু, ইয়ামিন আহমেদরা ক্লান্তির কারণে হাফিয়ে উঠে। তাই কোচকে তারা নিজেদের তুলে নেওয়ার কথাও বলেছিলেন বলে জানান তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৭৩তম) চেয়ে ঢের এগিয়ে থাকা জর্ডানকে (৯১তম) ‘শক্তিশালী ও গোছালো’ দলই মনে হয়েছে ক্রুইফের। তবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামা শিষ্যদের অগোছালো ফুটবল নিয়ে একবাক্যে তিনি বলে দেন, “আমি ভীষণ হতাশ এবং ক্ষুব্ধ।”

বাংলাদেশ কোচের ঠিক বিপরীত মেরুতে জর্ডান কোচ পল জোসেফ পুট। ‘বি’ গ্রুপে অজেয় থাকার আনন্দে তিনি বলেন, “এ জয়ের যোগ্য ছিলাম আমরা। ব্যবধান আরও বাড়তে পারত কিন্তু যেটা হয়েছে, আমি খুশি।”