মেসিকে বেঞ্চে রেখেই মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা?
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুটা খানিক স্বস্তি নিয়েই হয়ত শুরু করতে পারবে মেক্সিকো। চারদিকে গুঞ্জন, যে কোনো প্রতিপক্ষের সবচেয়ে বড় ভয়ের কারণ লিওনেল মেসিকে বেঞ্চে রেখেই ম্যাচটি খেলতে নামবে জেরার্দ মার্তিনোর দল।
যুক্তরাষ্ট্রের অ্যারলিংটনে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
এবারের যুক্তরাষ্ট্র সফরে গত শনিবার বলিভিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও প্রথম একাদশে ছিলেন না মেসি। পরে ৬৫তম মিনিটে মাঠে নেমে জোড়া গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড।
মেসি নামার আগেই অবশ্য ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তাতে বড় অবদান ছিল সের্হিও আগুয়েরোর। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড নিজে জোড়া গোল করেন, এসেকিয়েল লাভেস্সির করা দুই গোলে রাখেন অবদান।
অতিরিক্ত খেলার চাপ থেকে মুক্তি দিতেই মার্তিনো তার সেরা খেলোয়াড় মেসিকে বদলি হিসেবে খেলানোর কথা বলেন। তবে দর্শক পয়সা দিয়ে টিকেট কেটে মেসির জাদু দেখতে চায়।
