রেকর্ড গড়া পিসারো বায়ার্ন ছাড়ছেন
বুন্দেসলিগার ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করা পেরুর স্ট্রাইকার ক্লাউদিও পিসারো আবারও ভের্ডার ব্রেমেনে যোগ দিচ্ছেন।
দ্বিতীয় মেয়াদে বায়ার্ন মিউনিখে তিন বছর কাটানোর পর ব্রেমেনে ফিরছেন পিসারো।
ব্রেমেন সোমবার তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে পিসারোর তাদের দলে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে।
বুন্দেসলিগায় ৩৮৩ ম্যাচ খেলে ১৭৬ গোল করা পিসারো এর আগে ব্রেমেনের হয়ে প্রথম পর্বে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেন। ওখান থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর ২০০৭ সাল পর্যন্ত জার্মানির সফলতম ক্লাবটিতে ছিলেন তিনি।
পরে ইংল্যান্ডের ক্লাব চেলসি হয়ে আবারও ব্রেমেনে ফিরে যান পিসারো। তারপর ২০১২ সালে ফের বায়ার্নে যোগ দেন। আর এবার ৩৭ বছর বয়সে ফিরছেন পুরোনো ক্লাব ব্রেমেনে।
২০১০ সালে ইউরোপা লিগের সর্বোচ্চ গোলদাতা পিসারো বায়ার্নের হয়েই মূলত ক্যারিয়ারের স্বর্ণযুগ কাটান। ক্লাবটির হয়ে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লিগ ও একটি ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন।
