২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ধরাশায়ী হয়ে বিপদে নেদারল্যান্ডস

ইউরোর বাছাই পর্বে হারের বৃত্তে আটকা পড়েছে নেদারল্যান্ডস। আইসল্যান্ডের বিপক্ষে হারের পর এবার তুরস্কের কাছেও ধরাশায়ী ডাচরা। ফলে গ্রুপের সেরা দুই দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে ইউরোর মুল পর্বে তাদের খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 12:32 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

তুরস্কের মাঠে ফিরতি লেগের এই ম্যাচে নেদারল্যান্ডসের হারটি ৩-০ ব্যবধানে। গত অক্টোবরে প্রথম লেগে তারা তুরস্কের সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল।

রোববার রাতে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসিয়ে ষষ্ঠ মিনিটেই তুরস্ককে এগিয়ে দেন ওগুঝান ওজিয়াকুপ। আরদা তুরানের সঙ্গে বল দেওয়া-নেওয়া করতে করতে দারুণ লব শটে নেদারল্যান্ডস গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে পরাস্ত করেন বেসিকতাসে খেলা এই মিডফিল্ডার।

প্রথমার্ধেই তুরানের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় তুরস্ক। ডাচ ডিফেন্ডারদের ঢিলেমির সুযোগ নিয়ে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদ থেকে ক’দিন আগে বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডার। অবশ্য এই গোলে সিলেসেনের ব্যর্থতাও কম নয়; কাছের পোস্ট দিয়েই গোলটি করেন তুরান।

প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আক্রমণ চালায় নেদারল্যান্ডস। কিন্তু রবিন ফন পের্সি, মেম্পিস ডিপেইদের শট তুরস্কের জমাট রক্ষণদেয়াল ভাঙতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা আর পায়নি ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া নেদারল্যান্ডস।

শেষ দিকে দলের তৃতীয় গোলটি করে ডাচদের সব আশা শেষ করে দেন তুরস্কের বুরাক ইলমাজ। ৮৬তম মিনিটে কানের এরকিনের বাড়ানো বল ধরে লক্ষভেদ করেন তিনি।

এই হারের ফলে আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেল নেদারল্যান্ডস। আর তাদের পেছনে ফেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তুরস্ক।