২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডান ম্যাচের আগে বাংলাদেশ দলে চোটের হানা

এবার ঘরের মাঠে খেলা। প্রতিপক্ষও তুলানামূলক সহজ। তবে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বাংলাদেশের। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে লোডভিক ডি ক্রুইফের দলে হানা দিয়েছে চোট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 08:38 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে চোটের কারণে অনেকটাই এলোমেলো হয়ে গেছে বাংলাদেশ দলের রক্ষণভাগ আর মাঝমাঠ। রক্ষণের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাসিরুল ইসলাম ও ইয়াসিন খান চোটে পড়েছেন। মাঝমাঠের অন্যতম ভরসা হেমন্ত ভিনসেন্টেরও একই হাল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে হাঁটুতে চোট পান নাসিরুল। কুঁচকির চোটের কারণে রোববার অনুশীলন করেননি আরেক ডিফেন্ডার ইয়াসিন। আর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এরই মধ্যে জর্ডানের বিপক্ষে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে মিডফিল্ডার হেমন্তর।

চোটের কারণে জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী অস্ট্রেলিয়া যেতে পারেননি। জর্ডানের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। রক্ষণভাগ নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় আছে বাংলাদেশ দল।

নাসিরুল ও ইয়াসিনকে নিয়ে দলের সহকারী কোচ সাইফুল বারী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাসিরুলের চোটে ভয়ের কিছু নেই। আজও সে অনুশীলন করেছে। ইয়াসিন আজ অনুশীলন করেনি। তার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কালকে আমরা আরও ভালোভাবে দেখে সিদ্ধান্ত নেব।”

মামুনুল ইসলাম, জামাল ভূইয়া ও হেমন্ত-বাংলাদেশের মাঝমাঠের নির্ভরযোগ্য তিন যোদ্ধা এরা। হেমন্তের চোটে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার মোনায়েম খান রাজুর ঠাঁই পাওয়ার সম্ভাবনা বেশি। তবে হেমন্তের অভাব পূরণ করাটা সত্যিই কঠিন হবে তার জন্য।

অস্ট্রেলিয়ার মতো অতটা না হলেও শক্তি আর র্যা ঙ্কিংয়ে জর্ডানও বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফিফা র্যাযঙ্কিংয়ে ৯১তম স্থানে থাকা দলটি বাছাই পর্বে এখনও হারেনি; দুই ম্যাচে একটি করে জয় ও ড্র তাদের।

অন্যদিকে, বাছাই পর্বে এখন পর্যন্ত জয়শুন্য বাংলাদেশ র্যাতঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ১৭৩তম স্থানে আছে। এবারের বাছাই পর্বে মামুনুলদের অর্জন বলতে তাজিকিস্তানের বিপক্ষে ড্র করা।

জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে দল চোট-জর্জর হলেও হাল ছাড়ছেন না টিটো। হাতে অল্প সময় থাকলেও সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি।

“এটা (চোট) থাকবেই। এটা খেলারই অংশ। আমাদেরকে এসবের মঙ্গে মানিয়ে নিয়েই সেরাটা দিতে হবে।”