২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির রেকর্ড ছোঁয়ার ম্যাচে ইংল্যান্ডের গোলবন্যা

টানা সপ্তম জয়ে ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ওয়েন রুনির রেকর্ড ছোঁয়ার দিনে স্যান ম্যারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রয় হজসনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 12:05 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

ইংল্যান্ডের পক্ষে দুটি গোল করেন থিও ওয়ালকট। রুনি ছাড়া একটি করে গোল করেন হ্যারি কেইন, রস বার্কলি। অন্য গোলটি আত্মঘাতী।

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ইউরোতে জায়গা পাকা করার হাতছানিতে প্রতিপক্ষের মাঠে এদিন খেলতে নামে ইংল্যান্ড। ছিল সহজ সমীকরণ, জিতলেই তিন ম্যাচ হাতে রেখে আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া মহাদেশ সেরার প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করার সুযোগ।

গত সেপ্টেম্বরে এই দলের বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলে জেতার সুখস্মৃতি আত্মবিশ্বাসও জোগাচ্ছিল। সেই সঙ্গে রুনির সামনে ছিল দেশের সেরা গোলদাতা স্যার ববি চার্লটনকে ছোঁয়ার হাতছানি।

সব মিলে শনিবারের রাতটি ইংল্যান্ডের জন্য ছিল বড় এক উপলক্ষ। উভয় লক্ষ্য পূরণ হওয়ায় ইংল্যান্ডের জন্য রাতটা শতভাগ সফল- তা বলাই যায়।   

দেশের ফুটবলের কিংবদন্তিকে ছোঁয়ার স্বপ্ন পূরণে একেবারেই দেরি করেননি রুনি। দ্বাদশ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার মার্কো বেরারদি ডি বক্সের মধ্যে জন স্টোনসকে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। আর তা থেকেই বল জালে জড়িয়ে মাইলফলক স্পর্শ করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য চার্লটন ও রুনি, দুজনেরই জাতীয় দলের হয়ে এখন গোল ৪৯টি।

রুনির মাইলফলক ছোঁয়ার অল্প সময়ের ব্যবধানে দলগত লক্ষ্য পূরণের পথে আরেকধাপ এগিয়ে যায় ইংল্যান্ড। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গোলটি অবশ্য আত্মঘাতী ছিল, লুক শর ক্রস ডি বক্সে মধ্যে থেকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ম্যারিনো ডিফেন্ডার ক্রিস্তিয়ান ব্রোল্লি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই স্কোর ৩-০ করে জয় নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড। অ্যালেক্স অক্সল্যাড চেম্বারলেইনের ক্রসে হেড করে গোলটি করেন মিডফিল্ডার রস বার্কলি।

জাতীয় দলের হয়ে এটাই প্রথম গোল এভারটনের মিডফিল্ডার বার্কলির।

৬৮তম মিনিটে ফাবিয়ান ডেলফের ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান থিও ওয়ালকট।

পরে দুই মিনিটের মধ্যে আরও দুটি গোল করে স্কোরলাইন ৬-০ করে ইংলিশরা। ৭৭তম মিনিটে স্ট্রাইকার হ্যারি কেইনের লক্ষ্যভেদের পরের মিনিটেই নিজেদের দ্বিতীয় গোলটি করেন ওয়ালকট।  

এই জয়ে 'ই' গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট বেড়ে হলো ২১।