২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারের বিপক্ষে মারের প্রতিশোধের লড়াই

রজার ফেদেরারের কাছে হেরে গত উইম্বলডনের ফাইনাল খেলার স্বপ্ন ভাঙার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন অ্যান্ডি মারে। সিনসিনাটি ওপেনের সেমি-ফাইনালে সুইস প্রতিপক্ষের বিপক্ষে লড়বেন এই ব্রিটিশ তারকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 04:50 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

রাফায়েল নাদালকে হারিয়ে শেষ আটে ওঠা স্পেনের ফেলিসিয়ানো লোপেসকে শুক্রবার সরাসরি সেটে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেন ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই তারকার জয়টি ৬-৩, ৬-৪ গেমে।
 
শুক্রবারের অন্য কোয়ার্টার-ফাইনালে ফরাসি খেলোয়াড় রিচার্ড গাসকেকে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারান মারে।
 

গত জুন-জুলাইয়ে উইম্বলডনের শেষ চারে ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন মারে। কিন্তু সেদিনের অদম্য ফেদেরারের বিপক্ষে সামান্য প্রতিরোধ গড়তেই ব্যর্থ হয় দুটি গ্র্যান্ড স্লাম জয়ী মারে, সরাসরি সেটে হেরেছিলেন তিনি। মারের প্রতিশোধের লক্ষ্যটা অবশ্য মোটেও সহজ হবে না। সিনসিনাটিতে বরাবর সফল টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। এই প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপা জয়ীও তিনিই।  টুর্নামেন্টের অন্য সেমি-ফাইনালে র‌্যাঙ্কিংয়ের সেরা তারকা নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ইউক্রেনের আলেক্স দোলগোপোলোভ।