বার্সা ছেড়ে চেলসিতে যাচ্ছেন পেদ্রো
পেদ্রো রদ্রিগেসকে কিনতে তার বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। চুক্তির সবকিছু চূড়ান্ত করতে শিগগির লন্ডনে যাবেন স্প্যানিশ উইঙ্গার পেদ্রো।
ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও স্প্যানিশ এই ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী ছিল। কিন্তু বিবিসি বুধবার তাদের প্রতিবেদনে পেদ্রোর চেলসিতে যাওয়ার বিষয়টি জানায়। পেদ্রোকে কিনতে দুই কোটি ১০ লাখ পাউন্ড খরচ হচ্ছে লন্ডনের ক্লাবটির।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চেলসিতে যোগ দিতে যাওয়া দ্বিতীয় খেলোয়াড় হচ্ছেন পেদ্রো। এর আগে ঘানার ডিফেন্ডার বাবা রহমানকে দলে নেয় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
