২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আরেকটি রেকর্ড

এবারের স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিততে না পারলেও একটা রেকর্ড ঠিকই গড়েছেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতার পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন অনেকের মতেই বর্তমানের সেরা এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 04:31 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

ঘরের মাঠ কাম্প নউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে এবারের প্রতিযোগিতার ফিরতি লেগের ৪৩তম মিনিটে জালে বল জড়িয়ে রেকর্ডটি গড়েন মেসি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের আসরে গোল করেছিলেন তিনি।

স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগে থেকেই আর্জেন্টিনা অধিনায়কের দখলে। সোমবার রাতে এই প্রতিযোগিতায় নিজের একাদশ গোলটি করেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি গোল আছে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গনসালেসের।

রেকর্ড গড়া ওই গোলে চার বছর আগে নিজের একটি কৃতিত্বের পুনরাবৃত্তি করার সুযোগও পাচ্ছেন মেসি; এক বছরে ছয়টি প্রতিযোগিতায় গোল করার কীর্তি। এর আগে ২০১১ সালে এটা করে দেখিয়েছিলেন তিনি।

নামের পাশে আরেকটি রেকর্ড যোগ করলেও দলকে এবারের স্প্যানিশ সুপার কাপ জেতাতে পারেননি টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি। তার ওই গোলের পরও ফিরতি পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। প্রথম পর্বে দাপটের সঙ্গে ৪-০ গোলে জেতা বিলবাও তাই শিরোপা জেতে।