২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধাপে ধাপে এগিয়ে চূড়ান্ত সাফল্য বাংলাদেশের

প্রথমবারের মতো সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই শিরোপা জেতার পর দলের অধিনায়ক ও কোচ জানালেন, ধাপে ধাপে এগোনোর পরিকল্পনার ফসল হয়েই এসেছে এই সাফল্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:55 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে ৪-২ ব্যবধানে হারায় বাংলাদেশ।

ভারত সমতায় ফেরার পর কোনো দুঃশ্চিন্তা পেয়ে বসেনি অধিনায়ক মোহাম্মদ শাওনকে।

“আমাদের পরিকল্পনা ছিল স্টেপ টু স্টেপ এগোবো এবং সেভাবেই এগিয়েছি। এ কারণেই সাফল্য পেয়েছি।”

ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন শাওন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন দুই হলুদ কার্ডের খাড়ায় পড়ে ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে না পারা সরোয়ার জামান নিপু। তবে অধিনায়ক জানালেন, নিপুর শূন্যতা বাকিরা পূরণ করতে পারবে বলে বিশ্বাস ছিল তার।

ফাইনালে জিতলে তা বাংলাদেশের ফুটবল ও নিজের কোচিং ক্যারিয়ারের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হবে বলে আগের দিনই জানিয়েছিলেন কোচ সৈয়দ গোলাম জিলানী। লক্ষ্য পূরণের পর আবার তা বললেন তিনি।

“চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের ভীষণ দরকার ছিল। এটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট।”

ফাইনালে দর্শক হয়ে বেঞ্চে বসে থাকা নিপুও ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসেছিলেন। সতীর্থদের অর্জনে নিজের খেলতে না পারার দুঃখ ভুলে যাওয়ার কথা জানিয়ে এই ফরোয়ার্ড বললেন, “আমি খেলতে পারিনি কিন্তু বিশ্বাস ছিল, আমার টিম জিতবে।”

গ্যালারি ভরা দর্শক পুরোটা সময় করতালি দিয়ে আর চেচিয়ে শাওন-সাদদের অনুপ্রেরণা জুগিয়েছে। সিলেটের ফুটবলপ্রেমী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি বাংলাদেশ দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনও ম্যাচের আগে শিরোপা না পাওয়ার কষ্টটা ঘোচানোর চাওয়াটা জানিয়েছিলেন। ম্যাচ শেষে হাসিমুখে সভাপতি বলে গেলেন, “আজ কিছুটা হলেও আমার কষ্টটা ঘুচল।”

২০০৩ সালে সাফ গেমসে বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ শিরোপা জিতেছিল। ওই সাফল্যের পর সাফের জাতীয় দলের বা বয়সভিত্তিক কোনো দলের আসরে বাংলাদেশের শিরোপা না জেতার হতাশা ঘুচল এবার।