২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র ম্যাচেও শিষ্যদের প্রশংসা এনরিকের

স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিততে না পারলেও শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন লুইস এনরিকে। জয়ের জন্য খেলোয়াড়দের মরিয়া চেষ্টার বিষয়টি মুগ্ধ করেছে বার্সেলোনা কোচকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 04:38 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

বার্সেলোনাকে হতাশ করে শিরোপা আথলেতিক বিলবাওয়ের

প্রথম পর্বে বিলবাওয়ের মাঠ থেকে ৪-০ গোলে হেরে আসায় সোমবার কাম্প নউয়ে দ্বিতীয় পর্বে পাঁচ গোলের ব্যবধানে জয় দরকার ছিল বার্সেলোনার। কিন্তু ১১বার স্পেনের সুপার কাপ জেতা দলটি নিজেদের মাঠে বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে।

এক বছরে ছয়টি শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে গেলেও অসাধারণ ফুটবল উপহার দেয় বার্সেলোনা। আর এতেই খুশি এনরিকে।

“আমি মনে করি, তারা (বার্সেলোনার খেলোয়াড়রা) খুব ভালো খেলেছে।…আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং অনেক চেষ্টা করেছি।”

লিওনেল মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। তবে ৫৬তম মিনিটে সহকারী রেফারির সঙ্গে তর্ক করে জেরার্দ পিকে সরাসরি লাল কার্ড দেখার পর ম্যাচের রূপ পাল্টে যায়। 

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে জানান, পিকের এই লাল কার্ড দেখাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

এই লাল কার্ডের জন্য স্পেনের লা লিগায় দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না পিকে। আগামী রোববার এই বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই গত মৌসুমে ট্রেবল জেতা দলটির লিগ অভিযান শুরু হবে।

৩১ বছর পর আবার কোনো শিরোপা জেতায় বিলবাও এখন উৎসব-মুখর। ম্যাচ শেষে বিলবাও কোচ আর্নেস্তো ভালভের্দের কণ্ঠেও একই সুর ছিল।

“অবশেষে একটা ট্রফি, যেটা আমাদের প্রাপ্য।…আমরা জানি, আমাদের সমর্থকদের কাছে এর গুরুত্ব কতটা।”