টেনিস কোর্টে গাঁজা!
মন্ট্রিয়ালের টেনিস কোর্টে নোভাক জোকোভিচ ও জেরেমি শাদির মধ্যে রজার্স কাপের সেমি-ফাইনাল চলার সময় গ্যালারিতে বসে কোনো এক দর্শক গাঁজা টানছিলেন। এ ঘটনায় ম্যাচ চলার সময়ই অভিযোগ করেছেন জোকোভিচ।
শনিবার ওই ম্যাচের প্রথম সেট জেতার পর আম্পায়ারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন জোকোভিচ। সার্বিয়ান এই তারকা বলেন, “কেউ গাঁজা টানছে, আমি এটার গন্ধ পাচ্ছি, আমার ঝিমুনি আসছে।"
ম্যাচটি ৬-৪, ৬-৪ গেমে জিতে ফাইনালে ওঠা জোকোভিচ পরে সাংবাদিকদের বলেন, “আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটা কতটা বাজে ছিল। তিনি যেই হোন না কেন, আশা করি আগামীকাল আসবেন না।”
গত শুক্রবার এই প্রতিযোগিতারই দ্বৈত ইভেন্টে স্বদেশি ইয়াঙ্কো তিপসারেভিচের সঙ্গে ম্যাচ খেলার সময়ও একই গন্ধ পাওয়ার কথাও জানান জোকোভিচ।
