২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগে আর্সেনালের প্রথম জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 08:46 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

গত সপ্তাহে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছিল আর্সেনাল।
 
প্রথম ম্যাচে অঘটনের শিকার হওয়া আর্সেনালের এ দিনের শুরুটা ভালো হয়। প্রতিপক্ষের মাঠে ষষ্ঠদশ মিনিটে অলিভিয়ে জিরুদের দর্শনীয় গোলে এগিয়ে যায় তারা। বাঁদিক থেকে মেসুত ওজিলের ক্রসে দারুণ কসরত দেখিয়ে ভলি করে বল জালে জড়ান ফরাসি এই স্ট্রাইকার।
 
বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি আর্সেনাল। স্বাগতিকদের ইংলিশ মিডফিল্ডার জোয়েল ওয়ার্ড ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি শোধ করে দেন।
 

৩৬তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামজির প্রচেষ্টা প্যালেস গোলরক্ষক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিলে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় অতিথিরা।
 
দ্বিতীয়ার্ধের শুরতে এগিয়ে যেতে পারত প্যালেস। কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ ফরোয়ার্ড কনর উইকহ্যামের প্রচেষ্টা পোস্টে বাধা পেলে বেঁচে যায় আর্সেনাল।
 
তারপরই ৫৫তম মিনিটে প্যালেসের আইরিশ ডিফেন্ডার ড্যামিয়েন ডেলানির আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। তবে গোলটির কৃতিত্ব আলেক্সিস সানচেসের। এক্তর বেলেরিনের ক্রসে পেছন থেকে ছুটে এসে দারুণ হেড করেছিলেন চিলির এই ফরোয়ার্ড। বল ডেলানির পায়ে লেগে জালে ঢুকে যায়।
 
শেষ দিকে দ্বিতীয়বার দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন ওয়ার্ড। কিন্তু তার হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক পিয়েতর চেক। আর লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।