২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙ্গারকে খোঁচা মরিনিয়োর 

আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গারকে আবারও খোঁচা দিয়েছেন জোসে মরিনিয়ো। চেলসি কোচ এবার মনে করিয়ে দিয়েছেন প্রিমিয়ার লিগে ভেঙ্গারের ব্যর্থতার কথা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 06:33 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সিটির মাঠ ইতিহাদে খেলবে চেলসি। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে মরিনিয়োকে সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রশ্ন করে সাংবাদিকরা।
 
গত মৌসুমের ব্যর্থতার পরও সিটি কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোয় বিস্মিত হয়েছেন কিনা-এই প্রশ্নের উত্তরে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন চেলসির কোচ মরিনিয়ো টেনে আনেন ভেঙ্গার প্রসঙ্গ। 
 
“কেন? কিছু ক্লাব ১৫ বছর ধরে হতাশ, কিন্তু কোচ তো সেই একই।”
 
ভেঙ্গারের অধীনে আর্সেনাল সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ২০০৩-০৪ মৌসুমে। কিন্তু ফ্রান্সের এই কোচ ইংল্যান্ডের ক্লাবটির দায়িত্বে আছেন ১৯৯৬ সাল থেকে। গত দুই মৌসুমে অবশ্য আর্সেনালকে এফএ কাপের শিরোপা জেতান তিনি। 
 
মরিনিয়োর চেলসির বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ভেঙ্গারের আর্সেনাল প্রথম জয় পায় এ বছরের কমিউনিটি শিল্ডে।
 
মরিনিয়ো-ভেঙ্গারের কথার লড়াইয়ের ইতিহাস পুরানোই। গত বছরের ফেব্রুয়ারিতে একবার ভেঙ্গারকে ‘ব্যর্থতার বিশেষজ্ঞ’ বলে খোঁচা দিয়েছিলেন মরিনিয়ো। আর্সেনালের কোচ আবার তার প্রতিপক্ষকে ‘অভদ্র’ বলে উল্লেখ করেছিলেন।