বার্সায় হাল না ছাড়ার প্রত্যয়
স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বে আথলেতিকো বিলবাওয়ের কাছে উড়ে যাওয়ার পরও বার্সেলোনার খেলোয়াড়রা হাল ছাড়ছেন না। ম্যাচ শেষে দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাসচেরানো, দানি আলভেসরা।
বিলবাওয়ের মাঠ থেকে গত শুক্রবার স্পেনের সুপার কাপের প্রথম পর্বের ম্যাচটি ৪-০ গোলে হেরে আসে বার্সেলোনা।
এভাবে হেরে আসলেও বার্সেলোনার খেলোয়াড়দের আত্মবিশ্বাসে খুব একটা ফাটল ধরেনি। এই ব্যবধান ঘুচিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।
ম্যাচ শেষে দলটির মিডফিল্ডার ইনিয়েস্তা সেই আত্মবিশ্বাসের কথা জানান।
“এটা ঘুরিয়ে দেওয়ার কথা ভাবতে ভাবতে আমরা মাঠ ছেড়েছি।”
ইনিয়েস্তা জানেন, বিষয়টি এত সহজও নয়। তবে সতীর্থদের বিশ্বাস না হারানোর পরামর্শ দিয়ে রাখেন তিনি।
“এটা কঠিন, তবে অসম্ভব নয়। আমরা বিশ্বাস করি, আমরা এটা করতে পারব।”
ইনিয়েস্তার সুরেই কথা বলেন বার্সেলোনার আর্জেন্টাইন ডিফেন্ডার মাসচেরানোও।
“আমরা হেরেছি। কিন্তু কিছুই চূড়ান্ত হয়ে যায়নি। আমরা অনেক গোলের ব্যবধানে প্রচুর ম্যাচ জিতেছি। প্রতিপক্ষ শক্ত বলে এটা কঠিন হবে, কিন্তু বার্সেলোনায় আমরা সব রকমের চেষ্ট করব।”
