২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে পঞ্চম শিরোপার হাতছানি

উয়েফা সুপার কাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বার্সেলোনার সামনে আরেকটি শিরোপার হাতছানি। এবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দুই পর্বের স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 07:27 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

লা লিগা চ্যাম্পিয়ন ও স্প্যানিশ কাপ বিজয়ীর মধ্যে প্রতিযোগিতাটি হয়। তবে গত মৌসুমে ওই দুই টুর্নামেন্টই বার্সেলোনা জেতায় এবারের স্প্যানিশ সুপার কাপে তাদের প্রতিপক্ষ ‘কোপা দেল রে’ নামে পরিচিত স্প্যানিশ কাপের রানার্সআপ হওয়া আথলেতিক বিলবাও। আগামী শুক্রবার তাদের মাঠেই বাংলাদেশ সময় রাত দুইটা বছরের পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামবে বার্সা।

গত মঙ্গলবার রাতে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জেতার তিন দিন পরেই আরেকটি শিরোপা মিশন। পেশাদার হিসেবে অল্প সময়ের মধ্যেই হয়তো টানা চতুর্থ শিরোপা জয়ের রোমাঞ্চ দূরে সরিয়ে রাখবেন লিওনেল মেসি-লুইস সুয়ারেসরা। তবে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্লান্তি কাটিয়ে উঠতে পারবেন তারা?

বিলবাওয়ের স্প্যানিশ মিডফিল্ডার অস্কার দে মার্কোস অবশ্য তেমনটা ভাবছেন না। তার মতে, বার্সেলোনার খেলোয়াড়দের ক্লান্তি খুব একটা ছুঁতে পারবে না।  

“তারা (বার্সেলোনা) এতে অভ্যস্ত। …তারা আধিপত্য বিস্তার এবং বল দখলে রাখার লক্ষ্যেই মাঠে নামবে।”

বার্সেলোনাকে নিয়ে মার্কোসের এই মন্তব্য তার ধারণা হোক বা আশঙ্কা, সেটা মোটেও অবান্তর নয়। কম সময়ের ব্যবধানে বড় মাপের অনেকগুলো ম্যাচ খেলার অভিজ্ঞতা ইউরোপের সব বড় দলেরই থাকে। আর মেসিরা তো মাস দুয়েক আগেই টানা কয়েকটা বড় ম্যাচ খেলে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়েছিলেন।

সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে মৌসুমের শুরুতেই শিরোপা জেতার আনন্দে ভেসে যাওয়া বার্সেলোনা অবশ্য ওই ম্যাচ শেষেই তাদের পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দেয়।

জর্জিয়ার তিবিলিসিতে ওই ম্যাচ শেষে মেসি জানান, সুপার কাপ জিতে মৌসুম শুরু করতে পারাটা দারুণ। একই সঙ্গে বিলবাওয়ের বিপক্ষে আরেকটি শিরোপা লড়াইয়ের কথাও সতীর্থদের মনে করিয়ে দেন।

সাম্প্রতিক ফর্মের বিচারে ম্যাচে ‘ফেভারিট’ বার্সেলোনাই। তারকাদ্যুতি আর শিরোপা জয়ের হিসেবে বিলবাওয়ের সঙ্গে স্পেনের চ্যাম্পিয়নদের পার্থক্যটা আকাশ-পাতাল।

সেভিয়ার বিপক্ষে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে মেসির জোড়া গোলে ষষ্ঠদশ মিনিটে এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর রাফিনিয়া ও সুয়ারেসের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়া বার্সেলোনা সহজ জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল। পরে অবশ্য টানা তিনটি গোল করে নাটকীয়ভাবে সমতায় ফিরেছিল গতবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। তবে সত্যিকারের বড় দলের পরিচয় দিয়ে অতিরিক্ত সময়ের শেষ দিকে পেদ্রোর গোলে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।

বারবার দৃশ্যপট পাল্টানো আর স্নায়ুচাপ বাড়ানোর এমন ম্যাচে শেষ পর্যন্ত জিততে পারাটাও নিশ্চয়ই বার্সেলোনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আর গত মৌসুমের মতো মেসিসহ এবারও আক্রমণভাগের এমন দুর্দান্ত ফর্ম বার্সেলোনার পঞ্চম শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরদার করছে।

অসুস্থ থাকায় এই ম্যাচ এবং ফিরতি লেগেও খেলতে পারবেন না বার্সেলোনার অন্যতম বড় তারকা নেইমার। ডিফেন্ডার জর্দি আলবাকে নিয়েও অনিশ্চয়তা আছে। এরপরও ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বছরে রেকর্ড ছয়টি শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বার্সেলোনার।