মালদ্বীপকে বিদায় করে সেমিতে আফগানিস্তান
মালদ্বীপকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। মালদ্বীপের বিপক্ষে আফগানদের জয়টি ৪-২ গোলে।
সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার আফগানদের জয়ে আবুল নাসের দুটি এবং শায়েক হাকিমি ও শের আহমেদ হামেদি একটি করে গোল করেন। মালদ্বীপের দুই গোলদাতা আয়ানিস আদিল ও ইসমাইল জান।
টানা দুই হারে ‘বি’ গ্রুপ থেকে ছিটকে গেছে মালদ্বীপ। আফগানিস্তানের এই জয়ে সেরা চার নিশ্চিত হয়েছে নেপালেরও। গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছিল নেপাল।
দ্বাদশ মিনিটে হাকিমির গোলে এগিয়ে যায় আফগানিস্তান। ৪৮ ও ৫৪তম মিনিটে দুই গোল করে ব্যবধান ৩-০ করেন নেন নাসের।
৬২তম মিনিটে আদিলের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল মালদ্বীপ কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। ৭৬তম মিনিটে হামেদি লক্ষ্যভেদ করলে ম্যাচের ভাগ্য আফগানিস্তানের দিকেই ঝুঁকে পড়ে। শেষ দিকে ইসমাইলের করা গোলটি কেবল মালদ্বীপের হারের ব্যবধান কমানোর কাজেই লেগেছে।
শুক্রবার একই মাঠে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও নেপাল।
