বেইজিংয়ে মুখোমুখি বোল্ট-গ্যাটলিন
সবকিছু ঠিক থাকলে বেইজিংয়ে লড়বেন জ্যামাইকার উসাইন বোল্ট ও যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। দুই তারকা স্প্রিন্টারই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত জাতীয় দলে আছেন।
অলিম্পিকে ছয়টি সোনা জয়ী স্প্রিন্টার বোল্টের জ্যামাইকা দলে থাকারই কথা। তবে চোটের কারণে এ বছরের অনেকটা সময়ই ট্র্যাকের বাইরে ছিলেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট।
এ বছর মাত্র দুবারই ১০০ মিটার দৌড়েছেন জ্যামাইকার স্প্রিন্টার। হাঁটু ও পেলভিসের সমস্যা কাটিয়ে গত জুলাইয়ে লন্ডনে ২০১২ অলিম্পিকের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গেমসে ৯.৮৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি।
২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে বিশ্ব রেকর্ড গড়া বোল্ট। একই প্রতিযোগিতায় ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।
