সুইমিংপুলে ফেলপস-ঝড়
রিও দে জেনেইরো অলিম্পিক যত এগিয়ে আসছে, মাইকেল ফেলপস ততই নিজের আসল রূপে ফিরছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারের পর ১০০ মিটার বাটারফ্লাইয়েও বছরের সেরা টাইমিং করেছেন অলিম্পিকে ১৮টি সোনা জেতা এই মার্কিন সাঁতারু।
স্যান অ্যান্টোনিওর পুলে ঝড় তোলা ফেলপস শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫০.৪৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন। রাশিয়ার কাজানে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই সময় নিলে ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেরা হতেন ফেলপসই। তার এই কীর্তির ঘণ্টা আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০.৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন দক্ষিণ আফ্রিকার চাড লে ক্লস।
লে ক্লস বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর ফেলপসকে খোঁচা দিয়ে কথা বলেছিলেন। তবে পুলের পাশে বসে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে তর্কে জড়াতে চাননি ৩০ বছর বয়সী ফেলপস। এ নিয়ে কথা না বলে সুইমিংপুলেই জবাব দিতে চান তিনি।
“আমি মন্তব্যগুলো দেখেছি। আমি অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু তা বলব না।”
এর আগে শুক্রবার ফেলপসের ২০০ মিটার বাটারফ্লাই জেতার গুরুত্বের বিষয়টি উড়িয়ে দেন লে ক্লস। ফেলপস দারুণ সময় করেছেন মানলেও এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি। লে ক্লসের মতে, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এটা করা খুব একটা কঠিন নয়।
গত বছর মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন ফেলপস। যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে কাজানে আসতে পারেননি তিনি।
