ইপিএলের শুরুতেই হোঁচট চ্যাম্পিয়নদের
প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে চেলসির শুরুটা ভালো হলো না। নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে জোসে মরিনিয়োর দল।
আসরের উদ্বোধনী দিনে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় এক জন কম নিয়ে খেলেও বড় কোনো অঘটনের শিকার না হওয়াটা চেলসির জন্যে কিছুটা স্বস্তিদায়কও বটে।
ম্যাচের ২৩তম মিনিটে কোনাকুনি এক ফ্রি-কিকে চেলসিকে এগিয়ে দেন অস্কার। বাঁ দিক থেকে ব্রাজিলের এই মিডফিল্ডারের নেওয়া বাঁকানো শটের দিক বুঝতে পারেননি গোলরক্ষক।
ছয় মিনিট পরই গোলটি শোধ করে লড়াইয়ে ফেরে সোয়ানসি। ছোট ডি বক্সের ঠিক বাইরে থেকে দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান এই মৌসুমেই সোয়ানসিতে যোগ দেওয়া ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ু।
৯০ সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় চেলসি। বাঁদিক থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের শট সোয়ানসির আর্জেন্টাইন ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেসের পায়ে লেগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢোকে।
৫২তম মিনিটে বড় ধাক্কা খায় চেলসি। ডি বক্সের মধ্যে বাফেতিম্বি গোমিসকে ফাউল করায় লাল কার্ড দেখেন চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া। অস্কারকে মাঠ থেকে তুলে তার জায়গায় আরেক গোলরক্ষক আসমির বেগোভিচকে নামান কোচ জোসে মরিনিয়ো। তবে ফরাসি ফরোয়ার্ড গোমিসের পেনাল্টি শট ফেরাতে পারেননি চেলসির হয়ে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে নামা বসনিয়ার এই গোলরক্ষক।
বাকি সময় এক জন কম নিয়ে খেললেও শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে বেশ ভালোই চাপ সৃষ্টি করেছিল চেলসি। তবে আর কোনো গোল করতে পারেনি তারা। ফলে লিগে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে দিয়েগো কস্তা-জন টেরিরা।
এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারায়।
দিনের অন্য ম্যাচে এভারটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগে উঠে আসা ওয়াটফোর্ড।
দ্বিতীয় সারির প্রতিযোগিতা থেকে এবারই প্রথম প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া আরেক দল বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। অন্য ম্যাচে লেস্টারসিটি ৪-২ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।
