২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী গোলে ইউনাইটেডের শুভসূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জিতেছে শিরোপা-প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনম্যামের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে সফল দলটির জয় এসেছে আত্মঘাতী গোলের কল্যাণে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

নিজেদের মাঠে শনিবার টটেনহ্যামকে ১-০ গোলে হারায় গত আসরে চতুর্থ হওয়া ইউনাইটেড। 
 
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুতে দুদলের খেলায়ই ছন্দের অভাব ছিল। প্রথম ২০ মিনিটে যে কয়েকটি আক্রমণ হয় তার সবগুলোই করে টটেনহ্যাম। তবে এই সময়ের মধ্যে এ দিন অভিষেক হওয়া ইউনাইটেডের আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরোকে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি।   
 

গোলে কোনো শট নেওয়ার আগেই ২২তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে অ্যাশলে ইয়ংয়ের বাড়ানো বল ডি বক্সের মধ্যে একা পেয়ে যান ওয়েইন রুনি। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে শট নিতে দেরি করে ফেলেন ইংলিশ এই স্ট্রাইকার। এরই মধ্যে কাইল ওয়াকার দলকে বাঁচাতে ছুটে আসেন। রুনির পা থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন এই ইংলিশ ডিফেন্ডার। এগিয়ে যাওয়ার পর ইউনাইটেডের খেলায় কিছুটা ছন্দ ফেরে। কিন্তু গোল পাচ্ছিল না তারা। পরে ৬০তম মিনিটে আক্রমণের ধার বাড়াতে মাইকেল ক্যারিককে বসিয়ে বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে মাঠে নামায় দলটি। প্রতিযোগিতামূলক ফুটবলে ইউনাইটেডের জার্সিতে জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগারের এটাই ছিল প্রথম ম্যাচ। ঘরের মাঠে শুরুটা মোটেও ভালো হয়নি তার। তবে ভাগ্যগুণে পাওয়া সেই গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুই ফন খালের দল।