মরিনিয়োর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল চেলসি
জোসে মরিনিয়োর সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছে চেলসি। ফলে ২০১৯ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে থাকছেন পর্তুগালের এই কোচ।
মরিনিয়োর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করে চেলসি।
এই চুক্তিতে অবশ্য বিস্মিত নন মরিনিয়ো। ৫২ বছর বয়সী এই পর্তুগিজ কোচ বিষয়টিকে ‘স্বাভাবিক’ জানিয়ে বলেন, “যখন এখানে ফিরেছিলাম, তখনই বলেছিলাম, এই ক্লাবটির প্রতি আমার বিশেষ অনুভূতি আছে এবং কিছুই বদলায়নি।”
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত চেলসির কোচের দায়িত্ব পালন করা মরিনিয়ো ২০১৩ সালে দ্বিতীয় দফা এই ক্লাবের দায়িত্ব নেন। গত মৌসুমে তার হাত ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জেতে চেলসি।
আগামী মৌসুমগুলোয় চেলসি ও দলটির সমর্থকদের আরও সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মরিনিয়ো।
