বিশ্ব সাঁতারে এবার হতাশ করলেন সোনিয়া
সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিট থেকে ছিটকে পড়েছেন সোনিয়া আক্তার। এমনকি নিজের কোয়ালিফাইং টাইমের কাছেও আসতে পারেননি বাংলাদেশের এই সাঁতারু।
রাশিয়ার কাজানে ষষ্ঠদশ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুক্রবার মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ১ নম্বর হিটে ৩২.৮১ সেকেন্ড সাঁতার শেষ করেন সোনিয়া। ৬৪ জনের মধ্যে ৬০তম হয়েছেন তিনি।
হিট থেকে ১৬ জন পরের রাউন্ডে উঠেছেন, যাদের মধ্যে ষষ্ঠদশ হওয়া সাঁতারু সময় নিয়েছেন ২৬.৪৯ সেকেন্ড।
কোয়ালিফাইং টাইমের দিকে তাকালে সোনিয়ার হতাশা আরও বাড়ার কথা। ৩১.৭৮ সেকেন্ড কোয়ালিফাইং টাইম নিয়ে হিটে অংশ নেন তিনি।
এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের মোহাম্মদ জুয়েল আহমেদ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর রহমান সাগর হিট থেকে বিদায় নেন।
